এজলাসে পেপার ওয়েট ছোড়ার ঘটনায় মহিলা পরিষদের উদ্বেগ
- সর্বশেষ আপডেট ০৬:৩৫:২০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
- / 13
গোপালগঞ্জে আদালতের এজলাসে বিচারকের ছোড়া পেপার ওয়েটে মাথা ফেটে আহত হয়েছেন এক শিক্ষানবীশ নারী আইনজীবী। এ ঘটনায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।
রবিবার ( ২৬ জুলাই) বাংলাদেশ মহিলা পরিষদ এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, ২৩ জুলাই গণমাধ্যমে প্রকাশিত সংবাদের মাধ্যমে জানা যায় যে, গোপালগঞ্জে জেলা ও দায়রা জজ আদালত চলাকালে এজলাসে বিচারকের পেপার ওয়েট নিক্ষেপে শিক্ষানবীশ নারী আইনজীবীর মাথা ফেটে যাওয়ার ঘটনা ঘটেছে।
ঘটনা সূত্রে জানা যায়, গত ২২ জুলাই বুধবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর কক্ষের ভিতরে পিছনের বেঞ্চে বসা আইনজীবী ও বিচারপ্রার্থীরা কথা বলছিলেন। এ সময় বিচারক মো. সুজন মিয়া সবার দৃষ্টি আকর্ষণ করে আলোচনা বন্ধ করার জন্য বলেন।
এক পর্যায়ে তিনি বিরক্ত হয়ে কাচের পেপার ওয়েট ছুঁড়ে মারেন। এতে শিক্ষানবীশ নারী আইনজীবীর মাথা ফেটে যায়। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
একটি রাষ্ট্রের সর্বশেষ আশ্রয়স্থল, ভরসাস্থল হলো আদালত। আদালতে বিচারিক প্রক্রিয়া সম্পন্নের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের শৃঙ্খলা বজায় রাখা, আইনের শাসন প্রতিষ্ঠাকল্পে অব্যাহত প্রচেষ্টা চলমান। সেই আদালত প্রাঙ্গনে বিচারকের অপ্রত্যাশিত ব্যবহার ও পেপার ওয়েট নিক্ষেপে নারী আইনজীবীর মাথা ফেটে যাওয়ার ঘটনা অগ্রহণযোগ্য ও উদ্বেগের।
বাংলাদেশ মহিলা পরিষদ এ ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি রোধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছে। পাশাপাশি আইনের শাসন ও নিরাপদ আইনাঙ্গন প্রতিষ্ঠায় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানাচ্ছে।



































