সাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ তদন্তে: আইনমন্ত্রী

- সর্বশেষ আপডেট ০৬:১১:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
- / 173
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর অতীত দায়িত্ব পালন ও বিভিন্ন প্রতিষ্ঠানে তার কর্মকাণ্ড নিয়ে ওঠা অভিযোগ যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, তদন্ত শেষ হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (২৬ জুলাই) দুপুরে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত নবীন আইনজীবীদের বরণ ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী জানান, জনগণের বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে মো. সাহাবুদ্দিনের দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার এবং ইসলামী ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্ব পালনের সময়কার কার্যক্রম খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ হওয়ার পর আইনের বিধান অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সরকার কাউকে অন্যায়ভাবে হয়রানি করতে চায় না, তবে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবিধানের বিধান অনুযায়ী সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং এ বিষয়ে জনগণকে সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানান।
বক্তব্যে আইনমন্ত্রী বিগত সরকারের আমলে দুর্নীতি ও অর্থ পাচারের বিভিন্ন অভিযোগও তুলে ধরেন। তার দাবি, গত ১৬ বছরে বাংলাদেশ থেকে বৈধ আর্থিক ব্যবস্থার মাধ্যমে ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে, যা বর্তমান সময়ের দুই থেকে তিনটি জাতীয় বাজেটের সমপরিমাণ। তিনি বলেন, এই তথ্য বিশ্বখ্যাত সাময়িকী টাইম-এ প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে।
তিনি আরও অভিযোগ করেন, খুলনায় পৌনে চার কিলোমিটার সড়ক নির্মাণে ২৮০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। এছাড়া পিরোজপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন না করেই কাগজে-কলমে দেখিয়ে অর্থ আত্মসাৎ করা হয়েছে।
রাষ্ট্রীয় অর্থ লুটপাট ও বিদেশে পাচারের মাধ্যমে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, এসব অনিয়ম জনগণের রাষ্ট্রের প্রতি আস্থাকেও ক্ষুণ্ন করেছে।
জুলাই অভ্যুত্থান-সংশ্লিষ্ট মামলাগুলোর বিষয়ে তিনি বলেন, দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের মাধ্যমে এসব মামলার দ্রুত নিষ্পত্তিতে সরকার বদ্ধপরিকর। একই সঙ্গে বর্তমানে মিথ্যা মামলার প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমেছে বলেও দাবি করেন তিনি।
নবীন আইনজীবীদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, আইন পেশায় সফল হওয়ার কোনো শর্টকাট নেই। প্রতিনিয়ত অধ্যয়ন, সততা ও ন্যায়বিচারের প্রতি অঙ্গীকারই একজন আইনজীবীর সবচেয়ে বড় শক্তি। তিনি অর্থের পেছনে না ছুটে মানুষের অধিকার রক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, দুর্নীতির সঙ্গে যদি নিজের দলের কেউও জড়িত থাকেন, তার বিরুদ্ধেও আইনজীবীদের সোচ্চার হওয়া উচিত।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি তারিক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান, মহানগর দায়রা জজ মো. হাসানুল ইসলাম, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ.জি.এম. মনিরুল হাসান সরকার, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোহাগ তালুকদার, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডহক কমিটির সদস্য মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরীসহ বিচার বিভাগ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


































