বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের বিবৃতি
আওয়ামী লীগ আমলের ট্যাগিংয়ের রাজনীতি ফিরেছে

- সর্বশেষ আপডেট ০৭:৪৫:১৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
- / 6
দেশে আবারও আওয়ামী লীগ সরকারের আমলের মতো ট্যাগিংয়ের রাজনীতি ফিরে এসেছে বলে অভিযোগ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। রাজনৈতিক মতপ্রকাশের কারণে শিক্ষক ও নাগরিকদের সাইবার হয়রানি, লাঞ্ছনা এবং মব সন্ত্রাসের ঘটনায় উদ্বেগ জানিয়ে সংগঠনটি বলেছে, ভিন্নমত দমনের এই প্রবণতা গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকি।
শনিবার (২৮ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা জানায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।
বিবৃতিতে বলা হয়, অধ্যাপক আনু মুহাম্মদ ও অধ্যাপক সামিনা লুৎফাকে সামাজিক যোগাযোগমাধ্যমে আক্রমণ, তাদের বক্তব্যকে অবৈধ ঘোষণা এবং অপ্রাসঙ্গিক করে তোলার চেষ্টা এখন যেন নিয়মিত চর্চায় পরিণত হয়েছে। রাজনৈতিক মত প্রকাশের কারণে কাউকে হয়রানি বা আক্রমণের শিকার করা গ্রহণযোগ্য নয়। সন্ত্রাসী কর্মকাণ্ডে ইন্ধন বা অংশগ্রহণ না করলে প্রত্যেক নাগরিকের রাজনৈতিক মত প্রকাশের অধিকার রয়েছে।
সংগঠনটির দাবি, অন্তর্বর্তী সরকারের সময় থেকেই নতুন করে ট্যাগিংয়ের রাজনীতি বিস্তার লাভ করে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের আওয়ামী লীগ-ট্যাগ দিয়ে মব সৃষ্টি, লাঞ্ছিত করা, তালিকা তৈরি এবং ক্লাস-পরীক্ষার কার্যক্রম থেকে দূরে রাখার মতো ঘটনা ঘটেছে। একই সময়ে ভিন্নমতাবলম্বীদের ওপর হামলা এবং গণমাধ্যম ও সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।
বিবৃতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের বিরুদ্ধে সাম্প্রতিক আক্রমণ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধার বিরুদ্ধে সাইবার বুলিং এবং তাঁকে দায়িত্ব থেকে অপসারণের বিষয়টি তুলে ধরা হয়। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নীল দলের সদস্যদের তালিকা তৈরি এবং অধ্যাপক আনিছা পারভীন জলির বিরুদ্ধে অনলাইন আক্রমণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়।
সাইবার হয়রানির শিকার শিক্ষকদের প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গীতি আরা নাসরীন, কামরুল হাসান মামুন, তানজীমউদ্দীন খান ও কাজলী শেহরীন ইসলাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ-আল মামুনের নামও উল্লেখ করেছে সংগঠনটি।
বিবৃতিতে বলা হয়, একদিকে নির্বাহী আদেশে একটি বড় রাজনৈতিক গোষ্ঠীকে নিষিদ্ধ রাখা, গণহারে মামলা ও গ্রেপ্তার-বাণিজ্যের অভিযোগ রয়েছে। অন্যদিকে জুলাইয়ের হত্যাকাণ্ডসহ অতীতের অপরাধের জন্য দায় স্বীকার বা ক্ষমা না চেয়ে আওয়ামী লীগপন্থীদের একটি অংশের সন্ত্রাসী কর্মকাণ্ডে ফিরে যাওয়ার প্রবণতাও উদ্বেগজনক। উভয় পরিস্থিতিই রাজনৈতিক সংকট আরও গভীর করছে।
বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক মনে করে, জুলাই হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার পাশাপাশি রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে মীমাংসার উদ্যোগ নিতে হবে। শিক্ষাঙ্গন থেকে জাতীয় পর্যায় পর্যন্ত গণতান্ত্রিক সহিষ্ণুতা প্রতিষ্ঠা করা সরকারের দায়িত্ব।
বিবৃতিতে আরও বলা হয়, দ্বন্দ্ব, সংঘাত, মামলা, হামলা, ট্যাগিং ও অপসারণের রাজনীতি কোনো রাষ্ট্রের স্থায়ী ভবিষ্যৎ হতে পারে না। জুলাইয়ের ঘটনাবলির বিচার, রাজনৈতিক সমঝোতা এবং গণতান্ত্রিক সহিষ্ণুতার পরিবেশ নিশ্চিত করার মধ্য দিয়েই প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা সম্ভব।
‘আমরা শান্তি চাই, সংঘর্ষ ও সহিংসতা নয়’; এই আহ্বান জানিয়ে সব মত ও পথের মানুষের অংশগ্রহণে দেশে গণতান্ত্রিক পরিবেশের পূর্ণ বিকাশের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।




































