ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
চরফ্যাশন উপজেলায়

বিদ্যালয় নাকি গোয়ালঘর, ৬০ শিক্ষার্থীর উপস্থিতি ৭

শিপুফরাজী, চরফ্যাশন (ভোলা)
  • সর্বশেষ আপডেট ০৮:০৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / 3

বিদ্যালয় নাকি গোয়ালঘর, ৬০ শিক্ষার্থীর উপস্থিতি ৭

ভোলার চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন চরাঞ্চলের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমের বেহাল চিত্র পাওয়া গেছে। বিদ্যালয়ের নিচতলা ব্যবহৃত হচ্ছে গরু-ছাগলের খোঁয়াড় হিসেবে। চার শিক্ষকের মধ্যে দুজন কর্মস্থলে অনুপস্থিত। অন্যদিকে, বিদ্যালয়ের নথিতে ৬০ জন শিক্ষার্থী থাকলেও সরেজমিনে উপস্থিত পাওয়া গেছে মাত্র সাতজনকে। এমন অব্যবস্থাপনার ঘটনায় প্রধান শিক্ষকসহ দুই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।

বিদ্যালয়টির নাম ধলার চর মোতাহার ১ নম্বর ওয়ার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়। তেঁতুলিয়া নদীর পাড়ে চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন মুজিবনগর ইউনিয়নে এর অবস্থান।

সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ভবনের নিচতলায় স্থানীয় লোকজন গরু-ছাগল বেঁধে রেখেছেন। প্রতিদিনই বিদ্যালয়ের এই অংশ পশুর খোঁয়াড় হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বিদ্যালয়ের পরিবেশ ও পরিচ্ছন্নতার অবস্থাও সন্তোষজনক নয়। সংবাদকর্মীদের উপস্থিতি টের পেয়ে বিদ্যালয়ে থাকা শিক্ষক মামুনকে দ্রুত আঙিনা ও কক্ষ পরিষ্কারে ব্যস্ত হতে দেখা যায়।

গত ২৩ নভেম্বর (২০২৬) বিদ্যালয়টি পরিদর্শনের সময় চার শিক্ষকের মধ্যে দুজনকে কর্মস্থলে পাওয়া যায়নি। তাঁরা হলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম ও সহকারী শিক্ষক মো. এনামুল এহসান।

এ ঘটনায় চরফ্যাশন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে ওই দুই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। স্মারক নম্বর উশিঅ/ফ্যাশন/ভোলা/২০২৬/৯৫৬৫। নোটিশে বলা হয়েছে, অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকা সরকারি কর্মচারীদের নিয়মিত উপস্থিতি-সংক্রান্ত বিধিমালার লঙ্ঘন। কেন তাঁদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে তিন কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিদ্যালয়ের শিক্ষার্থী উপস্থিতির তথ্যেও পাওয়া গেছে বড় ধরনের অসংগতি। নথিপত্র অনুযায়ী, বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ৬০ জন। শিক্ষকদের দাবি, তাদের মধ্যে ৩৮ জন নিয়মিত ক্লাসে আসে। শ্রেণিভিত্তিক হিসাবে শিশু শ্রেণিতে ১৫ জনের মধ্যে আটজন, প্রথম শ্রেণিতে ১০ জনের মধ্যে ছয়জন, দ্বিতীয় শ্রেণিতে ১০ জনের মধ্যে সাতজন, তৃতীয় শ্রেণিতে ১৩ জনের মধ্যে আটজন, চতুর্থ শ্রেণিতে আটজনের মধ্যে ছয়জন এবং পঞ্চম শ্রেণিতে চারজনের মধ্যে তিনজন নিয়মিত উপস্থিত থাকে।

কিন্তু সরেজমিনে গিয়ে শিশু থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সব মিলিয়ে মাত্র সাতজন শিক্ষার্থীকে উপস্থিত পাওয়া গেছে। শিক্ষকদের নিয়মিত উপস্থিতির দাবির সঙ্গে বাস্তব চিত্রের এই পার্থক্য বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও তদারকি নিয়ে প্রশ্ন তৈরি করেছে।

অনুপস্থিতির বিষয়ে প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, দাপ্তরিক ও ব্যক্তিগত জরুরি কাজ থাকায় সেদিন বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারেননি। দুর্গম চরাঞ্চল হওয়ায় অভিভাবকদের অসচেতনতার কারণে শিক্ষার্থীরা নিয়মিত বিদ্যালয়ে আসতে চায় না বলেও দাবি করেন তিনি।

নিচতলায় গরু-ছাগল রাখার বিষয়ে প্রধান শিক্ষক বলেন, স্থানীয়দের একাধিকবার নিষেধ করা হলেও তাঁরা তা মানছেন না।

চরফ্যাশন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, বিদ্যালয়ে শিক্ষকদের অননুমোদিত অনুপস্থিতি সরকারি বিধিমালার পরিপন্থী। এ কারণে অভিযুক্ত দুই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে বিধি অনুযায়ী কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ বলেন, বিষয়টি তাঁর নজরে এসেছে। শিক্ষাপ্রতিষ্ঠানের নিচতলায় গরু-ছাগল রাখা এবং এমন অব্যবস্থাপনা কোনোভাবেই কাম্য নয়। উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলে তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

দুর্গম চরাঞ্চলের শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সরকারি বিদ্যালয়ের ভূমিকা যেখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেখানে একটি বিদ্যালয়ের এমন চিত্র উদ্বেগজনক। বিদ্যালয়ের ভবন পশুর খোঁয়াড় হিসেবে ব্যবহৃত হওয়া, শিক্ষকদের অনুপস্থিতি এবং শিক্ষার্থী উপস্থিতির অসংগতি; সবকিছুই কার্যকর তদারকির অভাবের ইঙ্গিত দিচ্ছে। এখন দেখার বিষয়, কারণ দর্শানোর নোটিশের পর প্রশাসন কতটা কার্যকর পদক্ষেপ নেয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চরফ্যাশন উপজেলায়

বিদ্যালয় নাকি গোয়ালঘর, ৬০ শিক্ষার্থীর উপস্থিতি ৭

সর্বশেষ আপডেট ০৮:০৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬