নভেম্বর-ডিসেম্বর নয়
প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনার ফিরতে হবে

- সর্বশেষ আপডেট ০৫:০৫:০১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / 10
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে সরকারের কোনো উদ্বেগ বা চাপ নেই। তিনি কখন দেশে ফিরবেন, তা নিয়ে বিভিন্ন সময়সীমার আলোচনা হলেও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে প্রত্যর্পণ চুক্তি অনুসরণ করতে হবে। এ বিষয়ে সরকার ইতোমধ্যে কূটনৈতিক চ্যানেলে সংশ্লিষ্ট দেশের কাছে চিঠি পাঠিয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য সময় নিয়ে আলোচনার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, কখনো নভেম্বর, কখনো ডিসেম্বর, আবার কখনো ১৬ ডিসেম্বর দেশে ফেরার কথা বলা হচ্ছে। ‘আসিব আসিব বলিয়া’ কতদিন পার হবে, তা নিয়ে সরকারের কোনো উদ্বেগ নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি বলেন, পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি প্রত্যর্পণ চুক্তির আওতায় নিষ্পত্তি হতে হবে। সরকার ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে সংশ্লিষ্ট দেশকে চিঠি দিয়েছে। তারাও আইন অনুযায়ী বিষয়টি পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
আ. লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নেই
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও কঠোর অবস্থানের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আওয়ামী লীগ রাজনৈতিক দলের পরিচয় হারিয়ে নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে একটি সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত হয়েছে। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে গণহত্যার মধ্য দিয়ে দলটির পতন ঘটেছে। বাংলাদেশের মানুষ তাদের আর রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দেবে না।
জার্মানির নাৎসি বাহিনীর উদাহরণ টেনে তিনি বলেন, গণহত্যাকারী ফ্যাসিস্ট ও মাফিয়া শক্তি পৃথিবীর কোথাও রাজনীতিতে ফিরে আসতে পারেনি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও আর কখনো বাংলাদেশে ফিরে এসে গণতান্ত্রিক রাজনীতি করতে পারবে না।
দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, বিষয়টি বর্তমানে বিচারিক প্রক্রিয়ার মধ্যে রয়েছে। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধন) আইন, ২০২৬ এবং সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী মানবতাবিরোধী অপরাধে ব্যক্তির পাশাপাশি দল বা সংগঠনকেও বিচারের আওতায় আনার বিধান রয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। নির্বাচন কমিশনও দলটির নিবন্ধন স্থগিত রেখেছে।
নাশকতার পরিকল্পনার অভিযোগ
দেশের বাইরে অবস্থানরত আওয়ামী লীগের পলাতক নেতারা সীমান্তের ওপার থেকে দেশে থাকা নেতা-কর্মীদের বিভিন্ন নাশকতামূলক কর্মসূচিতে যুক্ত হওয়ার নির্দেশনা দিচ্ছেন বলে অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, মশাল মিছিল, লকডাউন, শাটডাউন ও হরতালের মতো কর্মসূচির মাধ্যমে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। পলাতক নেতারা দেশে থাকা নেতা-কর্মীদের প্রতারণা ও ফাঁদে ফেলে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, অতীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্য ও কৌশলের মাধ্যমে প্রাণহানি ও সম্পদের ক্ষতি ছাড়াই এসব অপচেষ্টা প্রতিহত করেছে। ভবিষ্যতে কেউ উগ্রবাদী তৎপরতা, অগ্নিসন্ত্রাস কিংবা মানুষের জানমালের ক্ষতি করার চেষ্টা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিভিন্ন জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েনের বিষয়ে তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোথাও অস্থিরতা সৃষ্টির আশঙ্কা দেখা দিলে পুলিশের পাশাপাশি বিজিবি ও অন্যান্য বাহিনী মোতায়েন করা নিয়মিত নিরাপত্তা কার্যক্রমের অংশ।
এ ছাড়া মহান বিজয় দিবস নির্বিঘ্নে উদ্যাপনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে আন্তমন্ত্রণালয় সভার মাধ্যমে প্রয়োজনীয় নিরাপত্তা ও আনুষঙ্গিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান তিনি।
গোপালগঞ্জে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা
গোপালগঞ্জে নাশকতা এবং পুলিশের কয়েকজন কর্মকর্তার সম্পৃক্ততা নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকারি চাকরিতে থেকে রাজনৈতিক পক্ষপাতিত্ব বা ষড়যন্ত্রে জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কয়েকজন পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও বিভাগীয় মামলা করা হয়েছে।
সম্প্রতি গোপালগঞ্জের মুকসুদপুরে কর্মরত একজন অতিরিক্ত পুলিশ সুপারকেও ক্লোজ করা হয়েছে বলে জানান তিনি।
শ্রমিক অসন্তোষ নিয়ে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ
পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সম্মতিতে মজুরি বোর্ডের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ন্যূনতম মজুরি নির্ধারণ ও চূড়ান্ত করা হয়েছে। এতে প্রকৃত শ্রমিক ও মালিকেরা সন্তুষ্ট।
তাঁর অভিযোগ, একটি মহল গুজব ছড়িয়ে শ্রমিক অঞ্চলে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে এবং বিষয়টিকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। একই সঙ্গে এসব কর্মকাণ্ডের পেছনে কারা ইন্ধন দিচ্ছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পরিকল্পনা
ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন। অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও জোটগতভাবে আলোচনা ও বৈঠকের পরিকল্পনা রয়েছে।































