মোংলায় ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, প্রাণনাশের হুমকি

- সর্বশেষ আপডেট ০৭:৩৮:৫১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / 8
বাগেরহাটের মোংলায় বিনিয়োগ করা ২ কোটি ১১ লাখ ২৯ হাজার ৮৪৩ টাকা ফেরত না দেওয়া এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে আদালতের শরণাপন্ন হয়েছেন এক ব্যবসায়ী। এ ঘটনায় সিম্যান্টেক লিমিটেডের সংশ্লিষ্ট পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ তুলে আদালতে জবানবন্দি দিয়েছেন তিনি।
গত ২৩ নভেম্বর (২০২৬) আদালতে ফৌজদারি কার্যবিধির ২০০ ধারায় এ জবানবন্দি গ্রহণ করা হয়।
জবানবন্দি প্রদানকারী ব্যবসায়ীর নাম মো. কামরুল হাসান চৌধুরী (৩৩)। তিনি মোংলার বাতেন সড়ক এলাকার বাসিন্দা এবং মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী।
জবানবন্দিতে কামরুল হাসান জানান, ২০২৪ সালের ২৯ আগস্ট বিনিয়োগসংক্রান্ত একটি ডিড সম্পাদিত হয়। রেজিস্ট্রি নম্বর ০৯-এর ওই দলিলে তিনি এবং ১, ২ ও ৪ নম্বর আসামি স্বাক্ষর করেন। ৫ নম্বর আসামি সরাসরি উপস্থিত না থাকলেও মুঠোফোনে সম্মতি জানান।
তার অভিযোগ, পরবর্তী সময়ে বিনিয়োগের অর্থ ও লভ্যাংশের হিসাব চেয়ে একাধিকবার যোগাযোগ করলেও আসামিরা বিষয়টি নিষ্পত্তি করেননি। দীর্ঘদিন পর ২০২৬ সালের ৩০ মে সকাল সাড়ে ৯টার দিকে মোংলা ইপিজেড-সংলগ্ন একটি ক্যাম্পে সাক্ষীদের উপস্থিতিতে তিনি পাওনা ২ কোটি ১১ লাখ ২৯ হাজার ৮৪৩ টাকা ও চুক্তি অনুযায়ী লভ্যাংশ দাবি করেন।
এ সময় আসামিরা টাকা ফেরত কিংবা বিনিয়োগের হিসাব দিতে অস্বীকৃতি জানান। উল্টো এ বিষয়ে মামলা করলে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে জবানবন্দিতে অভিযোগ করেছেন কামরুল হাসান।
তিনি আরও জানান, বিষয়টি মীমাংসার জন্য দীর্ঘদিন চেষ্টা করেও কোনো সমাধান পাননি। শেষ পর্যন্ত আদালতের শরণাপন্ন হয়েছেন। জবানবন্দিতে তিনি অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ন্যায়বিচার প্রার্থনা করেন।































