মধ্যস্থতায় কমছে মামলা: আইনমন্ত্রী
- সর্বশেষ আপডেট ০৩:২৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
- / 9
প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম আদালতে নতুন মামলা কমাতে ইতোমধ্যে ইতিবাচক ফল দিচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, এ উদ্যোগ আরও বিস্তৃতভাবে বাস্তবায়ন করা গেলে দীর্ঘদিনের মামলাজট নিরসনে বড় অগ্রগতি সম্ভব।
মঙ্গলবার (২১ জুলাই) আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে ভার্চুয়ালি ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী জানান, দেশে বর্তমানে প্রায় ৪৫ লাখ মামলা বিচারাধীন। আদালতে মামলা দায়েরের আগেই বিরোধ নিষ্পত্তির সুযোগ তৈরি হলে বিচারপ্রার্থীদের সময়, অর্থ ও ভোগান্তি কমবে, পাশাপাশি আদালতের ওপর চাপও হ্রাস পাবে।
তিনি বলেন, ২০ জেলায় পরিচালিত পাইলট প্রকল্পে ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত বিভিন্ন আইনে মামলা দায়ের গড়ে ৬২ দশমিক ২ শতাংশ কমেছে। পারিবারিক আদালত, বণ্টন, যৌতুক নিরোধ, প্রিম্পশন, নন-এগ্রিকালচারাল টেন্যান্সি এবং পিতামাতার ভরণ-পোষণ সংক্রান্ত মামলায় উল্লেখযোগ্য হারে মামলা কমেছে।
আইনমন্ত্রী বিচারকদের প্রতি বিচারাধীন নিষ্পত্তিযোগ্য মামলাগুলো জেলা লিগ্যাল এইড অফিসে মধ্যস্থতার জন্য পাঠানোর আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, আদালত, আইনজীবী, লিগ্যাল এইড অফিস ও সংশ্লিষ্ট সবাই একযোগে কাজ করলে আগামী এক বছরের মধ্যে বিচারাধীন মামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে।
তিনি গণমাধ্যমকে লিগ্যাল এইডের মাধ্যমে পরিচালিত মধ্যস্থতা কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে মধ্যস্থতা কার্যক্রমে দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথাও পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে বগুড়া, ঠাকুরগাঁও, পটুয়াখালী, ভোলা, নাটোর, যশোর, শরীয়তপুর, কক্সবাজার, পঞ্চগড় ও টাঙ্গাইলে একযোগে মামলাপূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করেন আইনমন্ত্রী।
































