‘জয় বাংলা’ স্লোগানে মোংলায় ছাত্রলীগের শোডাউন

- সর্বশেষ আপডেট ০৯:৩৯:০৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- / 376
বাগেরহাটের মোংলায় গভীর রাতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মোটরসাইকেল শোডাউন করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় বিভিন্ন স্থানের দেয়ালে ‘জয় বাংলা’ লিখে যায় তারা। পরে স্থানীয় বাসিন্দারা সেসব লেখার কিছু অংশ মুছে দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত গভীর রাতে মোংলার মিঠাখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ শোডাউন হয়। অন্তত চার-পাঁচটি মোটরসাইকেলে ছাত্রলীগের নেতাকর্মীরা স্লোগান দিয়ে এলাকায় ঘোরেন। এ সময় তাঁরা বিভিন্ন ধরনের অশ্লীল স্লোগানও দেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
খাসেরডাঙ্গা এলাকা থেকে মোটরসাইকেল শোডাউন শুরু করে তাঁরা ঢেউয়াতলা বাজারের দিকে চলে যান। এ ছাড়া খাসেরডাঙ্গা আবু বকর সিদ্দিক মাধ্যমিক বিদ্যালয়ের দেয়াল, চারেরহাট ব্রিজসহ বিভিন্ন স্থানে ‘জয় বাংলা’ লিখে যান। রোববার সকালে স্থানীয় বাসিন্দারা এসব লেখার কয়েকটি মুছে দেন।
স্থানীয়দের দাবি, শোডাউনে অংশ নেওয়া ব্যক্তিরা স্থানীয় ছাত্রলীগের সক্রিয় নেতাকর্মী।
এ বিষয়ে মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার রেফাতুল ইসলাম বলেন, ঘটনাটি সম্পর্কে তাঁরা তথ্য পেয়েছেন। ঘটনাস্থল দূরবর্তী ও দুর্গম হওয়ায় সেখানে টহল দল পাঠানো হয়েছে। পাশাপাশি গোপনে অনুসন্ধান ও স্থানীয়ভাবে খোঁজখবর নেওয়া হচ্ছে। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






























