গ্রীন বায়োটেকনোলজির প্রসাধনীতে রমরমা প্রতারণা

- সর্বশেষ আপডেট ১১:৫১:৩৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
- / 105
জামালপুরের মেলান্দহে মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ও রাসায়নিক দিয়ে বায়োজিন ব্র্যান্ডের বিভিন্ন প্রসাধনী পণ্য তৈরি করার অভিযোগ উঠেছে গ্রীন বায়োটেকনোলজি নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। উৎপাদন কারখানায় অভিযান চালিয়ে ছয় মাস থেকে এক বছর আগেই মেয়াদ শেষ হওয়া রাসায়নিক ও কাঁচামাল পাওয়ার পর প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। ভুক্তভোগীরা প্রতারণার জন্য ক্ষতিপূরণ দাবি করার পাশাপাশি প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়ারও দাবি জানিয়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার মুন্সি নাংলা এলাকায় অবস্থিত গ্রীন বায়োটেকনোলজির কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানটি বায়োজিন ব্র্যান্ডের বিভিন্ন ধরনের প্রসাধনী পণ্য উৎপাদন করে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম অভিযানে নেতৃত্ব দেন। এ সময় আনসার ব্যাটালিয়নের তিন সদস্যের একটি দল উপস্থিত ছিল।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, কারখানার উৎপাদন কার্যক্রম পরিদর্শনের সময় বেশ কিছু মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ও রাসায়নিকের সন্ধান পাওয়া যায়। এসব উপকরণের মেয়াদ ছয় মাস থেকে এক বছর আগেই শেষ হয়েছে। এরপরও সেগুলো প্রসাধনী উৎপাদনের জন্য সংরক্ষণ করা হয়েছিল। অভিযানে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ও রাসায়নিক জব্দ করা হয়। সেগুলো ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় প্রতিষ্ঠানটির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ও রাসায়নিক ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে, বায়োজিনের গ্রাহক উঠতি অভিনেত্রী ও গায়িকা তুলি সাহা কর প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তিনি বাংলা অ্যাফেয়ার্সকে বলেন, বায়োজিনের গ্রাহক হিসেবে তার কিছু অভিযোগ রয়েছে। প্রসাধনী পণ্যের ক্ষেত্রে গ্রাহকের আস্থা ও প্রত্যাশার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার অভিযোগের সঙ্গে কারখানায় মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ও রাসায়নিক পাওয়ার ঘটনা নতুন করে প্রতিষ্ঠানটির পণ্যের মান নিয়ে প্রশ্ন তৈরি করেছে।
অভিযান শেষে সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম বলেন, প্রতিষ্ঠানটির কার্যক্রমে পাওয়া অনিয়ম অবিশ্বাস্য। যেসব রাসায়নিক ব্যবহার করে প্রসাধনী তৈরি করা হচ্ছে, সেগুলোরই মেয়াদ শেষ হয়ে গেছে। এ ধরনের কর্মকাণ্ডে ভোক্তাদের অধিকার ক্ষুণ্ন হয়েছে। অভিযানকালে বিভিন্ন ধরনের কাঁচামাল জব্দ করা হয়েছে এবং সেগুলো ধ্বংস করা হবে।
মেয়াদোত্তীর্ণ উপকরণ দিয়ে প্রসাধনী উৎপাদনের ঘটনায় পণ্যের গুণগত মান ও ভোক্তাদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। ত্বকে সরাসরি ব্যবহার করা হয় এমন পণ্যের ক্ষেত্রে কাঁচামালের মান ও মেয়াদ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ফলে শুধু জরিমানা নয়, ক্ষতিগ্রস্ত ভোক্তাদের ক্ষতিপূরণ এবং প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।































