সীমান্ত দিয়ে ঢুকলেই পলাতক আসামি গ্রেপ্তার: বিজিবি

- সর্বশেষ আপডেট ০৪:৩৮:০০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / 7
বিতর্কিত, পলাতক কিংবা ফেরারি কোনো আসামি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ময়মনসিংহ সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল নাসির উদ্দীন।
সোমবার (২৩ নভেম্বর) সকালে ময়মনসিংহে বিজিবি সেক্টর সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।
কর্নেল নাসির উদ্দীন বলেন, সীমান্ত দিয়ে যাতে কোনো ব্যক্তি বা গোষ্ঠী অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ কিংবা দেশ থেকে বের হতে না পারে, সে জন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা এবং মানুষের জানমাল রক্ষায় দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে বাহিনী। অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
তিনি বলেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই, কোনো বিতর্কিত পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হবে।’
বিজিবি সেক্টর কমান্ডার জানান, ময়মনসিংহ সেক্টরের আওতায় প্রায় ২৪৩ কিলোমিটার সীমান্ত রয়েছে। এই সীমান্তের নিরাপত্তায় তিনটি ব্যাটালিয়নের সদস্যরা দিনরাত দায়িত্ব পালন করছেন। অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও রাষ্ট্রবিরোধী নাশকতা ঠেকাতে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সীমান্তে নজরদারিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের কথাও জানান তিনি। বর্তমানে ৫০টির বেশি সিসিটিভি ক্যামেরা, ২০টির বেশি সার্চলাইট, নাইট ভিশন ডিভাইস ও ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি নতুন করে আরও ৬৫টি সিসিটিভি ক্যামেরা এবং ৩৩টি সার্চলাইট স্থাপনের কাজ চলছে। দুর্গম ও নদীতীরবর্তী এলাকায় বিশেষ যান এটিভি ব্যবহার করা হচ্ছে। প্রতিটি বিওপিতে নিয়মিত চারটি টহলের পাশাপাশি বিশেষ টহলও পরিচালিত হচ্ছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে কর্নেল নাসির উদ্দীন বলেন, হালুয়াঘাট ও নেত্রকোনার মহেশখালী সীমান্ত এলাকায় সম্ভাব্য তৎপরতা সম্পর্কে বিজিবি কিছু তথ্য পেয়েছে। গোয়েন্দা নজরদারি ও মাঠপর্যায়ের অনুসন্ধানের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে এসব তথ্য যাচাই করা হচ্ছে। এখন পর্যন্ত ওই এলাকাগুলোতে সন্দেহজনক কোনো তৎপরতা শনাক্ত হয়নি।
তিনি বলেন, সীমান্তসংক্রান্ত কোনো তথ্যই গুরুত্বহীন মনে করছে না বিজিবি। প্রাপ্ত তথ্য ডিজিএফআই, এনএসআইসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে যাচাই করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী মাঠপর্যায়ে অনুসন্ধান ও ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুশইন ও মানবপাচার প্রতিরোধে চলতি বছরের সাফল্যের তথ্য তুলে ধরে সেক্টর কমান্ডার জানান, ১ জানুয়ারি থেকে ২৩ নভেম্বর পর্যন্ত ময়মনসিংহ সেক্টরের সীমান্তে ১১টি ঘটনায় ১৪১ জনের পুশইন প্রতিহত করা হয়েছে। একই সময়ে চারজন মানবপাচারকারীকে আটক এবং পাচারের শিকার ১৩ জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৫৮ জন মানবপাচারকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকবিরোধী অভিযানের বিষয়ে তিনি বলেন, একই সময়ে সীমান্ত এলাকায় মাদক চোরাচালানে জড়িত ৭০ জনকে আটক করে আইনের আওতায় আনা হয়েছে।
সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চেয়েছেন কর্নেল নাসির উদ্দীন। তিনি বলেন, সীমান্ত এলাকায় অপরিচিত বা সন্দেহভাজন ব্যক্তির চলাচল কিংবা অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টা চোখে পড়লে দ্রুত বিজিবিকে জানাতে হবে।
দেশের সীমান্ত সুরক্ষা ও মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।






























