জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন হবে: মাহদী আমিন

- সর্বশেষ আপডেট ০৪:০৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / 12
স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ শতভাগ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
মাহদী আমিন বলেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে যে ঐকমত্য তৈরি হয়েছে, তা আরও শক্তিশালী হবে। স্বাক্ষরিত সনদের প্রতিটি বিষয় শতভাগ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির নেতাদের আলোচনা ছিল সৌহার্দ্যপূর্ণ। বৈঠকে জাতীয় স্বার্থে রাজনৈতিক ঐক্যের বিষয়টি গুরুত্ব পেয়েছে। আলোচনার মধ্য দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশের সব পক্ষের ঐক্যবদ্ধ অবস্থানের বিষয়টি আরও স্পষ্ট হয়েছে।
এর আগে দুপুর ১টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের মতবিনিময় অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজেও অংশ নেন দলটির প্রতিনিধিরা।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন।

































