ফেব্রুয়ারি পর্যন্ত সারের ঘাটতি নেই: মাহদী আমিন
- সর্বশেষ আপডেট ০২:৫১:৫১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
- / 19
আগামী ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সারের কোনো ঘাটতি হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। একই সঙ্গে অবৈধভাবে সার মজুতের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মাহদী আমিন।
তিনি বলেন, আগামী ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সারের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। ফলে সারের জোগানে কোনো সংকট নেই। কেউ অবৈধভাবে সার মজুত করলে সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।
মাহদী আমিন বলেন, সরকার এমন একটি রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়, যেখানে দেশের সব সমস্যার সমাধান সংসদের মাধ্যমে হবে, অন্য কোথাও নয়।
বিরোধী দলের লংমার্চ কর্মসূচি প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, এ ধরনের কর্মসূচি দ্বিচারিতার শামিল। তাদের উত্থাপিত দাবিগুলো সরকারেরও অগ্রাধিকারের মধ্যে রয়েছে।
বিরোধী দলের প্রতি রাজপথের কর্মসূচি পরিহার করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সরকারকে পরামর্শ দেওয়ারও অনুরোধ করেন মাহদী আমিন।






























