সৌদিতে নিহত ৭ জনের মধ্যে একই পরিবারের চারজন

- সর্বশেষ আপডেট ০৭:২৩:১৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- / 146
সৌদি আরবে মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন। তাঁদের সবার বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায় বলে জানা গেছে।
সৌদি আরবের স্থানীয় সময় গতকাল রাত আনুমানিক ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা সবাই আল আবীর কোল্ড স্টোরস ট্রেডিং কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন।
কোম্পানির মার্কেটিং ম্যানেজার নুরুজ্জামানের দেওয়া তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে রয়েছেন কোম্পানির স্টোরকিপার জিয়াউর রহমান, তাঁর দুই ছেলে ও এক মেয়ে। এ ছাড়া কোম্পানির ফর্কলিফট চালক ইলিয়াসের স্ত্রী এবং মক্কায় কর্মরত স্টোরকিপার আলমশাহ ও তাঁর এক মাস বয়সী কন্যাশিশু দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
দুর্ঘটনার পর নিহতদের মরদেহ মদিনার একটি সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পর্কেও নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি।
একই পরিবারের চারজনসহ সাত বাংলাদেশির এমন মর্মান্তিক মৃত্যুতে সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশি, নিহতদের স্বজন ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।
































