জামায়াত আমির বললেন, ‘না না, তুমি সিম্বল অব দ্য গার্লস’

- সর্বশেষ আপডেট ০১:২১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
- / 3
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভবিষ্যতে শীর্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ডাকসুর কার্যনির্বাহী সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়াকে প্রস্তুতি নিতে বলেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে ‘বিয়ন্ড ক্যাম্পাস: লিডিং টুমরো’ শীর্ষক অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে রাফিয়া জামায়াত আমিরের কাছে জানতে চান, ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের প্যানেলে ভিপি, জিএস ও এজিএসের মতো গুরুত্বপূর্ণ পদে কোনো নারীকে দেখা যায়নি কেন। ভবিষ্যতে এসব পদে নারী নেতৃত্বকে জায়গা দেওয়া হবে কি না, সে বিষয়েও প্রশ্ন তোলেন তিনি।
জবাবে ডা. শফিকুর রহমান বলেন, ‘ইনশাআল্লাহ, তুমি তৈরি হও। তোমার মতো যারা আছে, তাদের আমরা স্বাগত জানাব। আমরা আশা করি, শিবিরও বিষয়টি স্বাগত জানাবে।’
এ সময় রাফিয়া বলেন, তাঁর নিজের জন্য নয়, অন্য নারীদের জন্যই তিনি প্রশ্নটি করেছেন। তাঁর ব্যক্তিগতভাবে এমন কোনো ইচ্ছা নেই বলেও জানান।
তখন জামায়াত আমির বলেন, ‘না না, তুমি সিম্বল অব দ্য গার্লস। তোমাকে সিম্বলিকভাবে বলছি, তুমি রেডি হও।’
অনুষ্ঠানে নারী নেতৃত্বের প্রসঙ্গ ধরে জামায়াত আমিরের এই বক্তব্য আলোচনায় আসে।




































