গোপালগঞ্জের ডিসি-এসপিকে প্রত্যাহার

- সর্বশেষ আপডেট ০৬:৫৩:০৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- / 82
গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন হবিগঞ্জের বর্তমান জেলা প্রশাসক জি এম সরফরাজ।
একই সঙ্গে জেলার পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহকেও বদলি করা হয়েছে। তাঁকে ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, ফেনীর বর্তমান পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের নতুন এসপি নিয়োগ করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব বদলির আদেশ জারি করে।
এর আগে রোববার গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে মিছিল ও মহড়া করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। মিছিলে অংশ নেওয়া অনেকের হাতে লাঠিসোঁটা, লগি-বইঠা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা ও বল্লমসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দেখা যায়। তাঁদের কারও কারও মাথায় হেলমেটও ছিল। এ সময় বিভিন্ন স্লোগান দেন মিছিলকারীরা।
এমন পরিস্থিতির মধ্যেই জেলার প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ দুই পদে পরিবর্তন আনল সরকার।
এদিকে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জাকির হোসেনকে হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবীরকে চুয়াডাঙ্গার জেলা প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে।





































