ভারতে ভেজাল মদপানে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ১৮০

- সর্বশেষ আপডেট ০৯:৪৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / 120
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে ভেজাল স্থানীয় মদ পান করে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮০ জনের বেশি। রাজ্যটির মুখ্যমন্ত্রী খেমচাঁদ ইয়ুমনাম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
মুখ্যমন্ত্রী জানান, ঘটনার পর তিনি দুটি হাসপাতাল পরিদর্শন করেছেন। সেখানে অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় তদন্তের নির্দেশও দিয়েছে রাজ্য সরকার।
এক্সে দেওয়া পোস্টে খেমচাঁদ ইয়ুমনাম বলেন, রোগীদের সর্বোত্তম চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট দুই হাসপাতালের কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালে ভর্তি হওয়া অনেকের শরীরে মিথানল বিষক্রিয়ার লক্ষণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উপসর্গ দেখা গেছে। তবে মদে কী ধরনের ভেজাল মেশানো হয়েছিল, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছে কর্তৃপক্ষ।
এদিকে, পরিস্থিতি মোকাবিলায় আক্রান্ত জেলায় বিশেষজ্ঞ চিকিৎসকসহ একটি মেডিকেল দল পাঠিয়েছে রাজ্য সরকার। দলটির সঙ্গে প্রয়োজনীয় ওষুধও পাঠানো হয়েছে।
ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান এবং ক্ষতিগ্রস্তদের চিকিৎসা নিশ্চিত করতে কাজ করছে রাজ্য প্রশাসন।

































