কুপিয়ে জখম পোশাক শ্রমিক নুপুর হাসপাতালে, গ্রেপ্তার যুবক

- সর্বশেষ আপডেট ০৮:০৭:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / 157
রাজধানীর মিরপুরের রূপনগরে নুপুর নামে এক পোশাকশ্রমিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। এ ঘটনায় রায়হান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আহত নুপুর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি মারা যাননি বলে নিশ্চিত করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে রূপনগর আবাসিক এলাকার শিয়ালবাড়ি ৫ নম্বর সড়কে এ হামলার ঘটনা ঘটে।
নুপুর ভোলার লালমোহন উপজেলার মোখলেছুর রহমানের মেয়ে। তিনি রূপনগর আবাসিক এলাকায় ভাড়া বাসায় থাকতেন। স্থানীয় ভীষণ গার্মেন্টসে অপারেটর হিসেবে কর্মরত ছিলেন তিনি।
নুপুরের ফুফাতো ভাই আবদুল মান্নান জানান, দুপুর সোয়া ১টার দিকে খাবার খেতে বাসায় ফিরছিলেন নুপুর। পথে এক যুবক তাকে প্রেমের প্রস্তাব দেন। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করায় ওই যুবক ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপান। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
আবদুল মান্নান আরও জানান, আগামী ১২ ডিসেম্বর নুপুরের বিয়ের দিন ধার্য রয়েছে।
এদিকে হামলার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুটেজে দেখা যায়, কয়েকজন নারী শ্রমিক একসঙ্গে রাস্তা দিয়ে হাঁটছিলেন। এ সময় পেছন থেকে এক যুবক এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করেন। কয়েকবার আঘাতের পর ওই নারী রাস্তায় পড়ে গেলেও হামলা অব্যাহত রাখেন তিনি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় রায়হান নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। নুপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিকভাবে ঘটনাটিকে প্রেম-ভালোবাসাসংক্রান্ত ব্যক্তিগত দ্বন্দ্ব বলে মনে করছে পুলিশ। এ নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।






























