দুবলার চরে
রাস উৎসবে অবৈধ প্রবেশের চেষ্টায় আটক ১০৭ জন

- সর্বশেষ আপডেট ১২:৪৪:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / 152
সুন্দরবনের দুবলার চরের আলোর কোলে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী রাস উৎসবে অবৈধ পথে প্রবেশের চেষ্টার অভিযোগে ১০৭ জনকে আটক করেছে বন বিভাগ। গত ২২ ও ২৩ নভেম্বর রাতভর অভিযান চালিয়ে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের বনরক্ষীরা তাঁদের আটক করেন। পরে বন আইনের বিভিন্ন ধারায় মোট ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা ও ক্ষতিপূরণ আদায়ের পর ২৪ নভেম্বর সকালে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
চাঁদপাই বন বিভাগ সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরের তীরবর্তী দুবলার চরের আলোর কোলে প্রতিবছর ঐতিহ্যবাহী রাস উৎসব ও পূণ্যস্নান অনুষ্ঠিত হয়। উৎসবে পূণ্যার্থীদের যাতায়াত, নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে এবার বন বিভাগের পক্ষ থেকে পাঁচটি নির্ধারিত নৌপথ বা রুট ঠিক করা হয়েছিল। তবে আটক ব্যক্তিরা এসব রুট ব্যবহার না করে নিজেদের পরিচয় গোপন রেখে বিকল্প পথে দুবলার চরে প্রবেশের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।
বন বিভাগ জানায়, এবারের রাস উৎসবে হিন্দু ধর্মাবলম্বীদের রাধা-কৃষ্ণের পূজা-অর্চনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেওয়ার অনুমতি ছিল। প্রশাসন ও বন বিভাগের নির্দেশনা অনুযায়ী, অন্য ধর্মাবলম্বীদের সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। নির্ধারিত নিয়ম ও নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ পথে সুন্দরবনে প্রবেশের চেষ্টার অভিযোগে তাঁদের আটক করা হয়। পরে বন আইনের আওতায় তাঁদের বিরুদ্ধে জরিমানা ও ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, সুন্দরবনের নিরাপত্তা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রাস উৎসবের শৃঙ্খলা বজায় রাখতে শুরু থেকেই বন বিভাগের নজরদারি ও টহল জোরদার ছিল। নির্ধারিত পাঁচটি রুটের বাইরে দিয়ে পরিচয় গোপন করে দুবলার চরে প্রবেশের চেষ্টাকালে ২২ ও ২৩ নভেম্বর রাতভর অভিযান চালিয়ে ১০৭ জনকে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে মোট ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা ও ক্ষতিপূরণ আদায় করে ২৪ নভেম্বর সকালে ছেড়ে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সুন্দরবনের সংরক্ষিত বনাঞ্চল ও রাস উৎসবের সার্বিক শৃঙ্খলা রক্ষা করা বন বিভাগের দায়িত্ব। কোনো ধরনের অনিয়ম বা অবৈধ অনুপ্রবেশ বরদাশত করা হবে না। এ ধরনের অভিযান ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, রাস উৎসব শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বন বিভাগসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। এ বছর হিন্দু সম্প্রদায়ের ১০ হাজারের বেশি পূণ্যার্থী নির্ধারিত নিয়ম ও নৌপথ অনুসরণ করে দুবলার চরের রাস উৎসব ও পূণ্যস্নানে অংশ নেন।
































