দুবলার চরে রাস উৎসবে কোস্ট গার্ডের কঠোর নিরাপত্তা

- সর্বশেষ আপডেট ১০:৩৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / 69
সুন্দরবনের দুবলার চরে ঐতিহ্যবাহী রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান উপলক্ষে নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। পুণ্যার্থী ও দর্শনার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে নৌপথে জাহাজ ও বিশেষ টহল দল মোতায়েনের পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে ডুবুরি দল।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাস উৎসবকে কেন্দ্র করে দুবলার চরসহ সুন্দরবন ও সংলগ্ন এলাকায় নিয়মিত টহল জোরদার করা হয়েছে। পুণ্যার্থী ও দর্শনার্থীদের নিরাপত্তার পাশাপাশি সুন্দরবনের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায়ও নজরদারি চালানো হচ্ছে। অবৈধভাবে বন্যপ্রাণী শিকার বন্ধে বন বিভাগ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে কোস্ট গার্ড।
এদিকে সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে চলমান ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর সাফল্যের তথ্যও জানিয়েছে সংস্থাটি।
কোস্ট গার্ডের দাবি, এসব অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ৪৩ জন বনদস্যুকে আটক করা হয়েছে। দস্যুদের কবল থেকে ৬৩ জন জেলে, দুজন পর্যটক ও একজন রিসোর্ট মালিককে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের মুখে সাতটি সক্রিয় বনদস্যু বাহিনীর ৬৪ জন সদস্য অস্ত্রসহ আত্মসমর্পণ করেছেন।
সুন্দরবনকে নিরাপদ রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কোস্ট গার্ড।
রাস উৎসবে আগত পুণ্যার্থী ও দর্শনার্থীদের জরুরি প্রয়োজনে সহায়তার জন্য কোস্ট গার্ডের হটলাইন নম্বর ১৬১১১-এ যোগাযোগ করতে বলা হয়েছে।































