প্রতিবাদে মহাসড়ক অবরোধ
সেনাসদস্যের বিরুদ্ধে জাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

- সর্বশেষ আপডেট ১০:৫২:২৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / 56
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে এক সেনাসদস্যের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (২৫ নভেম্বর) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেট এলাকায় সড়ক অবরোধ করেন ৫৩তম আবর্তনের শিক্ষার্থীরা।
মারধরের শিকার শিক্ষার্থীর নাম আওরঙ্গজেব রমজান আলী। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৫৩তম আবর্তনের শিক্ষার্থী।
শিক্ষার্থীদের অভিযোগ, বুধবার সন্ধ্যায় টিউশনিতে যাওয়ার পথে বিশ্ববিদ্যালয়ের বিশমাইল এলাকা থেকে একটি অটোরিকশায় ওঠেন রমজান। এ সময় এক সেনাসদস্য অটোরিকশাটি থামিয়ে লাঠি দিয়ে আঘাত করেন। এতে রমজান আঘাত পান। ঘটনার কারণ জানতে চাইলে ওই সেনাসদস্যের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁকে কয়েক দফা লাঠি দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।
তাদের আরও অভিযোগ, ঘটনার প্রতিবাদ করায় রমজানকে একটি কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে লাথি ও মারধর করা হয়। এ ঘটনায় আহত শিক্ষার্থীকে ঘিরে সহপাঠীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
ঘটনার খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের ৫৩তম আবর্তনের শিক্ষার্থীরা ডেইরি গেট এলাকায় জড়ো হন। পরে তাঁরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় অভিযুক্ত সেনাসদস্যের পরিচয় শনাক্ত, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহানুভূতি রয়েছে। বিষয়টি নিয়ে তাঁদের সঙ্গে আলোচনা করে পরবর্তী করণীয় ও প্রয়োজনীয় পদক্ষেপ নির্ধারণ করা হবে। ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্তের কাজ চলছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা হয়েছে এবং বিষয়টি সমাধানে একটি দল কাজ করছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, আশুলিয়ার বিশমাইল এলাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে এক ব্যক্তির কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জেরেই শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা চলছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কে শিক্ষার্থীদের অবরোধ চলছিল।































