ওয়ারীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২

- সর্বশেষ আপডেট ১২:০৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
- / 8
রাজধানীর ওয়ারীতে একটি আবাসিক হোটেলে ঢুকে তিন কর্মীকে কুপিয়েছে দুর্বৃত্তরা। এতে হোটেলটির ব্যবস্থাপক নাঈমুর রহমান (২৬) নিহত হয়েছেন। আহত হয়েছেন মহাব্যবস্থাপকসহ আরও দুজন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ২টার দিকে ওয়ারীর জয়কালী মন্দিরের পাশে অবস্থিত ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে এ হামলার ঘটনা ঘটে।
নিহত নাঈমুর রহমান ওই হোটেলের ব্যবস্থাপক ছিলেন। আহত দুজন হলেন হোটেলটির মহাব্যবস্থাপক আব্দুর রাজ্জাক (৫০) ও কর্মী হাসান (২৬)।
ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন মিয়া জানান, রাত ২টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে দুই ব্যক্তি হোটেলে প্রবেশ করেন। এরপর তারা নাঈমুর রহমানকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। তার চিৎকার শুনে আব্দুর রাজ্জাক ও হাসান এগিয়ে এলে তাদেরও কুপিয়ে আহত করা হয়।
পরে আহত তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাঈমুর রহমানকে মৃত ঘোষণা করেন।
পুলিশ কর্মকর্তা আল আমিন মিয়া বলেন, হোটেলের সামনে মুরগি ব্যবসায়ীদের বসা নিয়ে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রাথমিকভাবে এক মুরগি ব্যবসায়ী ও তার ছেলের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাদের শনাক্ত ও আটকের বিষয়ে পুলিশ কাজ করছে।






























