ডিসেম্বরে ফিরছেন না
শেখ হাসিনা একজন সাইকোপ্যাথ: হুমায়ুন কবির

- সর্বশেষ আপডেট ১০:১৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / 10
শেখ হাসিনাকে ‘সাইকোপ্যাথ’ আখ্যা দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে শেখ হাসিনা একটি সমস্যা; এটি ভারতও বুঝতে পারছে। তাঁকে আশ্রয় দিয়ে ভারতও এখন বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছে বলে মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা এবং তাঁকে প্রত্যর্পণে বাংলাদেশের অনুরোধ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক বক্তব্যের বিষয়ে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, কোনো ব্যক্তির স্বেচ্ছায় দেশে ফেরা এবং প্রত্যর্পণ চুক্তির আওতায় কাউকে ফেরত পাঠানো দুটি ভিন্ন বিষয়। সাধারণ নাগরিকের যাতায়াতের সঙ্গে অপরাধীদের প্রত্যর্পণের বিষয়টি এক করে দেখার সুযোগ নেই।
প্রতিমন্ত্রীর ভাষ্য, শেখ হাসিনার ক্ষেত্রে প্রত্যর্পণ চুক্তিই প্রযোজ্য। তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে। এ বিষয়ে বাংলাদেশ ইতোমধ্যে ভারতকে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। এখন দিল্লির জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে হুমায়ুন কবির বলেন, ওই মাসে তাঁর দেশে ফেরার সম্ভাবনা নেই। প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই তাঁকে ফিরিয়ে আনা হবে। এ ক্ষেত্রে বিমানে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নিরাপত্তার মধ্যে তাঁকে বাংলাদেশে আনা হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
ভারতের ভূখণ্ডে শেখ হাসিনার অবস্থান নিয়ে দুই দেশের সম্পর্কে জটিলতা তৈরি হয়েছে বলে দাবি করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, ভারতও এখন তাঁকে আশ্রয় দেওয়ার চ্যালেঞ্জ ও অসুবিধা উপলব্ধি করতে পারছে। নিজের বাড়িতে কাউকে আশ্রয় দেওয়ার পর তাঁর আচরণের কারণে পরিস্থিতি বিরক্তিকর হয়ে উঠলে যেমন সমস্যায় পড়তে হয়, বিষয়টি অনেকটা সে রকম।
শেখ হাসিনার রাজনৈতিক অবস্থান নিয়ে সমালোচনা করে হুমায়ুন কবির বলেন, তাঁর রাজনীতি শেষ হয়ে গেছে। দুই হাজার মানুষ হত্যার পরও তাঁর মধ্যে কোনো অনুশোচনা নেই। তিনি শেখ হাসিনাকে ‘সাইকোপ্যাথ’ ও ‘সন্ত্রাসী’ বলেও মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার পরিবার, আওয়ামী লীগ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বাংলাদেশে কোনো জায়গা নেই।
এর আগে বুধবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, কোনো নাগরিক ভ্রমণ নথি নিয়ে স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে চাইলে সেটি প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা বিষয়। শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশের অনুরোধ প্রচলিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি দেশটিতে অবস্থান করছেন। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তাঁকে মৃত্যুদণ্ড দেন।



































