ছুটির দিনেও বাড়ল স্বর্ণের দাম, ভরি প্রায় ২ লাখ টাকা

- সর্বশেষ আপডেট ১১:২৫:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
- / 6
দেশের বাজারে এক দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার প্রতি ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়েছে। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা। অর্থাৎ ভরিপ্রতি দাম ২ লাখ টাকার কাছাকাছি পৌঁছেছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাজুস। সকাল ১০টা থেকেই নতুন এ দাম কার্যকর হয়েছে। এর আগে গত ২৬ নভেম্বর স্বর্ণের দাম সমন্বয় করেছিল সংগঠনটি।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯০ হাজার ৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৩ হাজার ২৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৩ হাজার ২৮ টাকা।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী স্বর্ণালঙ্কার কিনতে ক্রেতাদের নির্ধারিত মূল্যের পাশাপাশি ডিজাইনভেদে মজুরি দিতে হবে। তবে স্বর্ণ ও রুপার অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
বাজুসের নিয়ম অনুযায়ী, মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে পুরোনো স্বর্ণালঙ্কার বিনিময়ের ক্ষেত্রে ৯ শতাংশ এবং পুরোনো স্বর্ণ কেনার ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৪৭ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৯ দফা দাম বাড়ানো হয়েছে, ৭৭ দফা কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।


































