দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিতে প্রাণিসম্পদ: প্রধানমন্ত্রী

- সর্বশেষ আপডেট ০১:৩৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / 5
দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে পরিণত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, অচিরেই বিশ্ববাজারে প্রাণিসম্পদ খাতে বাংলাদেশের নিজস্ব ব্র্যান্ড প্রতিষ্ঠিত হবে। এ খাত হয়ে উঠবে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উৎস।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, প্রাণিসম্পদ উৎপাদনে সদিচ্ছা, সুষ্ঠু পরিকল্পনা এবং তার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা গেলে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। দেশের চাহিদা পূরণের পাশাপাশি এ খাত ইতোমধ্যে রপ্তানির দিকে এগিয়ে যাচ্ছে। এ অগ্রযাত্রা ত্বরান্বিত করতে নতুন নতুন আন্তর্জাতিক বাজার খুঁজে বের করার ওপর গুরুত্ব দেন তিনি।
বিশ্ববাজারে হালাল মাংস, পোল্ট্রি ও দুগ্ধজাত পণ্যের ব্যাপক সম্ভাবনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, এসব পণ্যের বাজার সম্প্রসারণের সুযোগ কাজে লাগাতে হবে। প্রাণিসম্পদ খাতের উন্নয়ন শুধু খামারকেন্দ্রিক বিষয় নয়, এটি বাংলাদেশের সামগ্রিক অর্থনীতির সঙ্গেও জড়িত।
এ সময় উদ্যোক্তাদের উৎসাহিত করা, খামার ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং রপ্তানির নতুন বাজার তৈরিতে সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
এবারের জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের প্রতিপাদ্য ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর যৌথভাবে এ আয়োজন করেছে।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে পুরাতন বাণিজ্য মেলার মাঠে তিন দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে ২৩টি জাতীয় প্রাণিসম্পদ পদক প্রদান করেন প্রধানমন্ত্রী।
এ ছাড়া ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্যাপন করা হবে।
































