পুকুরের পানিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শ্রমিকের

- সর্বশেষ আপডেট ০১:০৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / 36
চট্টগ্রামের সন্দ্বীপে বিদ্যালয়ের পুকুরে হাত-মুখ ধুতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিমুল বণিক (২৯) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার কালাপানীয়া উচ্চবিদ্যালয়ের পুকুরে এ দুর্ঘটনা ঘটে। শিমুল ওই বিদ্যালয়ের ভবন মেরামতের কাজে নিয়োজিত ছিলেন।
নিহতের সহকর্মী রাসেল জানান, কাজের বিরতিতে পুকুরে হাত-মুখ ধুতে যান শিমুল। পানিতে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ওই পুকুর থেকে একটি সাবমার্সিবল পাম্পের মাধ্যমে বিদ্যালয়ের ভবনের ছাদে পানি তোলা হচ্ছিল। পাম্পের বৈদ্যুতিক সংযোগ থেকে পুকুরের পানিতে বিদ্যুৎ ছড়িয়ে পড়েছিল বলে ধারণা করা হচ্ছে। এ সময় রাসেল দ্রুত বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করেন।
পরে শিমুলকে সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের আবাসিক চিকিৎসক আশরাফ সিদ্দিকী জানান, বেলা সাড়ে ১১টার দিকে তাঁকে হাসপাতালে আনা হয়েছিল। তখনই তাঁর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হন চিকিৎসকেরা।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার জানান, খবর পেয়ে বেলা আড়াইটার দিকে পুলিশ মরদেহ থানায় নিয়ে আসে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
নিহত শিমুলের বাড়ি উপজেলার মুছাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শিবের বাড়িতে। তাঁর বাবার নাম মৃত বিষ্ণুপদ বণিক। পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন স্ত্রী ও মা। এক বছর আগে বিয়ে করেন তিনি। আগে মধ্যপ্রাচ্যে প্রবাসী থাকলেও দেশে ফিরে আর্থিক সংকটের কারণে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ শুরু করেছিলেন শিমুল।


































