যুব মহিলা লীগ নেত্রীকে কুপ্রস্তাব, ওসি প্রত্যাহার

- সর্বশেষ আপডেট ১১:৩৪:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / 47
ফেনীর দাগনভূঞায় কার্যক্রম নিষিদ্ধ পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা অমিন সনিকে অনৈতিক প্রস্তাব, ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজিম নোমানের বিরুদ্ধে। এ ঘটনায় দুই লাখ টাকা নেওয়ার অভিযোগও করেছেন ওই নেত্রী। অভিযোগের পর এরই মধ্যে ওসিকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) রাতে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ তুলে ধরেন তাসকিরা অমিন সনি। এ সময় অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ও সংশ্লিষ্ট সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
লিখিত বক্তব্যে সনি বলেন, বিভিন্ন মামলায় গ্রেপ্তার এবং তার ছেলেকে নিষিদ্ধ ছাত্রলীগের পরিচয়ে আটক করার ভয় দেখিয়ে ওসি তার কাছ থেকে দুই লাখ টাকা আদায় করেন। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে যাওয়ার পর জামিনে মুক্তি পান তিনি। এরপর পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করলেও ওসি তাকে বারবার ফোন করে নিজের বাংলোয় যেতে বলতেন।
সনির অভিযোগ, গত ১১ নভেম্বর রাতে পুলিশ তার বাসায় গিয়ে ওসির সঙ্গে দেখা করার কথা বলে তাকে থানায় নিয়ে যায়। প্রথমে ডিউটি অফিসারের কক্ষে রাখা হলেও পরে ওসির কক্ষে নেওয়া হয়। এ সময় তিনি আইনজীবীর সঙ্গে যোগাযোগ করতে চাইলে ওসি তাকে সিগারেট নিয়ে আসতে বলেন বলে দাবি করেন সনি।
তিনি আরও জানান, থানায় অবস্থানকালে ওসি ফেনী মডেল ও সোনাগাজী থানায় ফোন করে তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না, তা জানতে চান। এ সময় সাংবাদিক হাসনাত আবদুল্লাহ তুহিন তাকে একাধিক মামলায় কারাগারে পাঠানোর ভয় দেখিয়ে টাকা দাবি করেন বলে অভিযোগ করেন তিনি।
সনির ভাষ্য, প্রথমে ৩০ হাজার টাকা দিতে চাইলেও ওই সাংবাদিক ৫০ হাজার টাকা দাবি করেন। পরে একপর্যায়ে এক লাখ টাকা দেওয়ার কথা বলা হয়। পরদিন সকালে ওসি ও ওই সাংবাদিক তার কাছে তিন লাখ টাকা দাবি করেন। এই অর্থের মধ্যে পুলিশ সুপারের জন্য এক লাখ টাকা দিতে হবে বলেও জানানো হয় বলে অভিযোগ তার।
তাসকিরা অমিন সনি বলেন, টাকা দিতে না পারায় তাকে আদালতে পাঠানো হচ্ছিল না। এ সময় ওসি তাকে চা দিতে বললে তিনি তা প্রত্যাখ্যান করেন। একপর্যায়ে ওসি তার হাত ধরার চেষ্টা করেন বলেও অভিযোগ করেন তিনি। এ ছাড়া ব্যক্তিগত সম্পর্কের ইঙ্গিত দিয়ে নানা কথা বলেন ওসি।
সনির দাবি, পরে তার বড় বোন থানায় গেলে সাংবাদিক তুহিন তার সঙ্গে দুর্ব্যবহার করেন। একপর্যায়ে তার বোন ওই সাংবাদিকের হাতে দুই লাখ টাকা তুলে দেন। টাকা নেওয়ার পরও ওসি অসন্তোষ প্রকাশ করেন এবং তার ছেলেকে দেখে রাখার হুমকি দেন বলে অভিযোগ করেন সনি। এরপর তাকে বাসায় যেতে দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, থানা থেকে ফেরার পর তার ছেলেকে ফোন করে দুই লাখ টাকা নেওয়ার বিষয়টি কাউকে না জানাতে বলেন ওসি। অন্যদিকে, সংশ্লিষ্ট সাংবাদিকও তার বাসায় গিয়ে পরিবারের সদস্যদের কাছে টাকা দাবি করছিলেন। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তিনি।
তবে অভিযোগ অস্বীকার করেছেন প্রত্যাহার হওয়া ওসি মুহাম্মদ ফয়জুল আজিম নোমান। তার দাবি, ওই নারী একজন আসামি এবং পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। আটকের পর থেকেই তিনি ষড়যন্ত্র করছেন বলেও মন্তব্য করেন নোমান।
এর আগে তাসকিরা অমিন সনি ও ওসি ফয়জুল আজিম নোমানের কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে সনিকে নিজের বাংলোয় যাওয়ার জন্য ওসির আহ্বান জানানোর কথোপকথন শোনা যায়। পাশাপাশি টাকা লেনদেন ও জামিনসংক্রান্ত বিষয়েও তাদের কথাবার্তা রয়েছে বলে দাবি করা হয়।
ওই অডিও ছড়িয়ে পড়ার পর ওসি ফয়জুল আজিম নোমানকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
































