পুলিশে ১৪ হাজার নতুন নিয়োগ, আবেদন করবেন যেভাবে

- সর্বশেষ আপডেট ০১:৩৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / 7
বাংলাদেশ পুলিশে বড় পরিসরে জনবল বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাহিনীর সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে ১৪ হাজার নতুন পদ সৃজনের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে ১০ হাজার কনস্টেবল এবং ৪ হাজার উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদ রয়েছে।
নতুন পদগুলো রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃষ্টির অনুমোদন দেওয়া হয়েছে। এ জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগের প্রয়োজনীয় সম্মতিও নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা গত ১৫ নভেম্বর পৃথক দুটি সরকারি আদেশে এ অনুমোদন দেয়। আদেশে বলা হয়েছে, পুলিশের প্রাতিষ্ঠানিক ও কার্যক্রম পরিচালনার সক্ষমতা বাড়াতে নতুন পদগুলো সৃষ্টি করা হয়েছে। এসব পদের বেতন-ভাতা ও অন্যান্য ব্যয় পুলিশ বাজেটের সংশ্লিষ্ট খাত থেকে মেটানো হবে।
মন্ত্রণালয়ের অনুমোদন অনুযায়ী, নতুন ৪ হাজার এসআই পদ জাতীয় বেতন স্কেলের দশম গ্রেডে অন্তর্ভুক্ত। এসব পদের বেতন স্কেল ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা। পুলিশ রেগুলেশনস অব বেঙ্গল, ১৯৪৩ অনুযায়ী এসব পদে নিয়োগ দেওয়া হবে।
অন্যদিকে ১০ হাজার কনস্টেবল পদ রাখা হয়েছে ১৭তম গ্রেডে। এ পদের বেতন স্কেল ২১ হাজার ৪০০ থেকে ৫১ হাজার ৯০০ টাকা। নিয়োগের যোগ্যতা হিসেবে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি শারীরিক সক্ষমতার শর্ত রয়েছে।
নতুন পদ সৃজনে প্রশাসনিক অনুমোদনের পাশাপাশি অর্থ বিভাগের সম্মতিও নেওয়া হয়েছে। নথি অনুযায়ী, ৪ হাজার এসআই পদের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় গত ৩ আগস্ট সম্মতি দেয়। পরে ৫ ও ৮ অক্টোবর অর্থ বিভাগ এবং ৫ নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট শাখা সম্মতি দেয়। কনস্টেবল পদ সৃজনের ক্ষেত্রেও প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
কনস্টেবল পদে আবেদন করবেন যেভাবে
এদিকে কনস্টেবল নিয়োগের একটি প্রক্রিয়া ইতোমধ্যে চলমান রয়েছে। গত ৯ অক্টোবর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে ৩০ অক্টোবর পর্যন্ত আবেদন নেওয়া হয়। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, এতে সারা দেশ থেকে আবেদন করেছেন ১ লাখ ২ হাজার ৬৯৪ জন চাকরিপ্রার্থী।
চলমান নিয়োগে আগে থেকে শূন্য থাকা ২ হাজার পদের সঙ্গে নতুন অনুমোদিত ১০ হাজার কনস্টেবল পদের মধ্য থেকে আরও ৪ হাজার পদ যুক্ত করার পরিকল্পনা রয়েছে। ফলে এই দফায় মোট ৬ হাজার কনস্টেবল নিয়োগের প্রস্তুতি চলছে। বাকি ৬ হাজার পদ পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে পূরণের সম্ভাবনা রয়েছে।
কনস্টেবল পদে আবেদনের জন্য প্রার্থীদের এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি শারীরিক যোগ্যতা, বয়স এবং অন্যান্য শর্ত পূরণ করতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্ধারিত পদ্ধতিতে অনলাইনে আবেদন করতে হয়।
আবেদন করতে বাংলাদেশ পুলিশের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত নিয়োগ বিজ্ঞপ্তি নির্বাচন করতে হবে। এরপর আবেদন ফরমে ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, স্থায়ী ও বর্তমান ঠিকানা এবং প্রয়োজনীয় অন্যান্য তথ্য দিতে হবে। ছবি ও স্বাক্ষর আপলোড করে আবেদন জমা দিতে হবে। আবেদন ফি থাকলে বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদ্ধতিতে তা পরিশোধ করতে হবে।
আবেদন যাচাইয়ের পর প্রার্থীদের শারীরিক মাপ ও শারীরিক সক্ষমতা যাচাই, লিখিত পরীক্ষা, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষাসহ নির্ধারিত ধাপগুলোতে অংশ নিতে হয়। স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশনের প্রক্রিয়াও রয়েছে।
তবে চলমান নিয়োগের আবেদন গ্রহণ ইতোমধ্যে শেষ হয়েছে। নতুন ৬ হাজার পদের জন্য পৃথক আবেদন গ্রহণ করা হবে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশনা এখনো প্রকাশিত হয়নি।
৪ হাজার এসআই পদে সরাসরি নিয়োগ
অন্যদিকে নতুন অনুমোদিত ৪ হাজার এসআই পদে সরাসরি নিয়োগের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে এ নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদনের সময়সীমা কিংবা পরীক্ষার সূচি এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
এসআই পদে আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, শারীরিক মাপ, পরীক্ষার ধরন এবং অন্যান্য শর্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হবে। আগ্রহীদের বিজ্ঞপ্তি প্রকাশের পর নির্ধারিত নিয়ম অনুসরণ করে আবেদন করতে হবে।
নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তি ও সর্বশেষ নির্দেশনা জানতে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট (www.police.gov.bd) এবং নিয়োগ পোর্টাল (https://police.teletalk.com.bd) নিয়মিত অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।
পুলিশের মাঠপর্যায়ের কার্যক্রমে কনস্টেবল ও এসআইয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। কনস্টেবলরা আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালন করেন। অন্যদিকে এসআইরা অপরাধ তদন্ত, মামলা পরিচালনা, আসামি গ্রেফতার এবং মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেন।
সংশ্লিষ্টদের মতে, নতুন ১৪ হাজার পদে নিয়োগ সম্পন্ন হলে পুলিশের জনবল সংকট মোকাবিলায় সহায়তা মিলবে। একই সঙ্গে অপরাধ নিয়ন্ত্রণ, তদন্ত কার্যক্রম এবং সাধারণ মানুষকে পুলিশি সেবা দেওয়ার সক্ষমতাও বাড়তে পারে। তবে নতুন পদ সৃজনের অনুমোদনের পর এখন মূল চ্যালেঞ্জ হবে স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা।































