শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিবসহ আটক ৩

- সর্বশেষ আপডেট ১০:৪০:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / 26
শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব ও সাবেক জেলা প্রশাসকসহ তিনজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর লালমাটিয়ার একটি রেস্টুরেন্ট ঘেরাও করে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব সাখাওয়াত হোসেন মুন, চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) ইলিয়াস হোসেন এবং আয়কর আইনজীবী সুফি আলা মামুন। তাদের মধ্যে সাখাওয়াত হোসেন মুন ও ইলিয়াস হোসেন সাময়িক বরখাস্ত রয়েছেন।
ছাত্রদলের নেতাকর্মীদের দাবি, পলাতক আওয়ামী লীগ নেতাদের নির্দেশনায় দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনার সঙ্গে ওই তিনজন জড়িত ছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, আটক তিনজনকে মোহাম্মদপুর থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কি না এবং আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হবে কি না, সে বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।































