সুন্দরবনে যেতে পারছেন না বনজীবীরা
খাদ্যসংকটে থালা-হাঁড়ি নিয়ে পথে নারীরা

- সর্বশেষ আপডেট ০১:৪৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / 27
সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণ করতে না পারায় চরম বিপাকে পড়েছেন বনজীবী পরিবারগুলো। দীর্ঘদিন ধরে উপার্জন বন্ধ থাকায় অনেক পরিবারে দেখা দিয়েছে খাদ্যসংকট। সংসারে খাবার জোগাড়ের অনিশ্চয়তা থেকে এবার থালা, হাঁড়ি ও কলস হাতে রাস্তায় নেমেছেন বনজীবীদের পরিবারের নারীরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন প্রায় ২০০ পরিবারের নারীরা।
বিক্ষোভে অংশ নেওয়া নারীরা জানান, কয়েক মাস ধরে সুন্দরবনে যেতে না পারায় তাঁদের পরিবারের আয়-রোজগার বন্ধ হয়ে গেছে। পুরুষ সদস্যরা মাছ ও কাঁকড়া আহরণ করতে না পারায় সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। অনেক পরিবারে খাবার জোগাড় করাও এখন বড় চ্যালেঞ্জ।
তাঁদের দাবি, সুন্দরবন নিরাপদ করে বনজীবীদের মাছ ও কাঁকড়া আহরণের সুযোগ দিতে হবে। তা সম্ভব না হলে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি সংকটকালীন সময়ে খাদ্যসহায়তা নিশ্চিত করারও দাবি জানান তাঁরা।
বিক্ষোভকারীরা বলেন, সুন্দরবনই তাঁদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। বনে যেতে না পারলে তাঁদের উপার্জনের পথ থাকে না। সন্তান ও পরিবারের সদস্যদের মুখে খাবার তুলে দিতে না পেরে বাধ্য হয়েই থালা-হাঁড়ি-কলস নিয়ে রাস্তায় নেমেছেন তাঁরা।
তাঁদের ভাষায়, জীবিকার পথ বন্ধ রেখে শুধু ঘরে বসে থাকা সম্ভব নয়। পরিবার নিয়ে বেঁচে থাকার নিশ্চয়তা চান তাঁরা।































