সব রেকর্ড ভেঙে সয়াবিন তেল ২০৭ টাকা লিটার

- সর্বশেষ আপডেট ১২:২৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
- / 35
দেশের বাজারে ভোজ্যতেলের দাম অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। নতুন করে প্রতি লিটারে তিন টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৭ টাকা নির্ধারণ করেছে সরকার। খোলা সয়াবিন তেলের দামও বাড়িয়ে করা হয়েছে ১৮৮ টাকা। এর আগে ২০২২ সালে বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ দাম ছিল ২০৫ টাকা এবং খোলা তেলের ১৮৫ টাকা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি পর্যালোচনাসংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। নতুন নির্ধারিত দাম অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেল ২০৪ টাকা থেকে বেড়ে ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেল ১৮৫ টাকা থেকে বেড়ে ১৮৮ টাকা হয়েছে। তবে খোলা পাম অয়েলের দাম আগের মতো লিটারপ্রতি ১৬৬ টাকা রাখা হয়েছে।
চলতি বছর তিন দফায় বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হলো। বছরের শুরুতে প্রতি লিটারের দাম ছিল ১৯৫ টাকা। গত ২৯ এপ্রিল চার টাকা বাড়িয়ে ১৯৯ টাকা এবং ২ সেপ্টেম্বর পাঁচ টাকা বাড়িয়ে ২০৪ টাকা করা হয়। সর্বশেষ তিন টাকা বৃদ্ধির ফলে বছরের শুরু থেকে প্রতি লিটারে দাম বেড়েছে ১২ টাকা।
দাম বৃদ্ধির কারণ হিসেবে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, ডলারের উচ্চমূল্য এবং আমদানি ব্যয় বেড়ে যাওয়ার কথা জানিয়েছে ব্যবসায়ীরা। তাদের দাবি, আসন্ন রমজানে সরবরাহ স্বাভাবিক রাখতে নতুন করে দাম সমন্বয় করা প্রয়োজন ছিল।
বাণিজ্য মন্ত্রণালয়ের সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন দেশের ভোজ্যতেলের মজুত, আন্তর্জাতিক বাজারদর, আমদানি ব্যয় এবং ঋণপত্র (এলসি) খোলার পরিস্থিতি তুলে ধরে। অন্যদিকে, বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন জানায়, গত ২ সেপ্টেম্বরের পর আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও পাম অয়েলের দাম বাড়লেও দেশের বাজারে দাম সমন্বয় করা হয়নি। এতে আমদানি ও সরবরাহ স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়ছে।
তবে সরকারের এ সিদ্ধান্তের সমালোচনা করেছে ভোক্তা অধিকার সংগঠন কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। সংগঠনটির সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন, সরকারের এই সিদ্ধান্ত চরম দায়িত্বহীনতার পরিচায়ক। রমজানের আগে দাম বাড়ানোর পরিস্থিতি তৈরি করতে আমদানিকারকরা সরবরাহ কমিয়ে দিয়েছিলেন বলে অভিযোগ করেন তিনি।
তার মতে, এমনিতেই নিত্যপণ্যের উচ্চমূল্যে সীমিত আয়ের মানুষ চাপে রয়েছেন। এর মধ্যে সয়াবিন তেলের দাম বাড়ায় বাজারে নতুন করে অস্থিরতা তৈরি হতে পারে।
এদিকে, ব্যবসায়ীদের একাংশের বিরুদ্ধে সরবরাহ কমিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। তেজকুনিপাড়ার মায়ের দোয়া স্টোরের স্বত্বাধিকারী হেলাল উদ্দিন জানান, কয়েক দিন আগেই কোম্পানিগুলোর পক্ষ থেকে তেলের দাম বাড়ানোর কথা জানানো হয়েছিল। এ সময় সরবরাহও কিছুটা কমে যায়।
অন্যদিকে, খোলা সয়াবিন তেল সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগ করেছেন খুচরা ব্যবসায়ীরা। কারওয়ান বাজারের আব্দুর রব স্টোরের স্বত্বাধিকারী মো. নাঈম বলেন, ডিলাররা অঘোষিতভাবে খোলা তেলের দাম বাড়িয়ে দেন। এতে খুচরা বিক্রেতাদের সমস্যায় পড়তে হয়।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, এক বছরের ব্যবধানে খোলা সয়াবিন তেলের দাম ১০ শতাংশ এবং বোতলজাত সয়াবিন তেলের দাম ৭ শতাংশ বেড়েছে। একই সময়ে খোলা পাম অয়েলের দাম বেড়েছে ১০ শতাংশ।
অন্যদিকে, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের তথ্য বলছে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেশে ৮ লাখ ২৩ হাজার টন ভোজ্যতেল আমদানি হয়েছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় আমদানি বেড়েছে প্রায় ১৬ দশমিক ৭ শতাংশ।
বাজারে কৃত্রিম সংকট, অবৈধ মজুত এবং নির্ধারিত দামের বেশি দামে তেল বিক্রি বন্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তবে দাম বাড়ানোর পর বাজারে সরবরাহ ও বিক্রয়মূল্য কতটা নিয়ন্ত্রণে থাকে, এখন সেটিই দেখার বিষয়।
































