লাভবান ভারত
২৫৪ মিলিয়ন ডলারের ক্রয়াদেশ হারাচ্ছে বাংলাদেশ

- সর্বশেষ আপডেট ০৬:৩৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
- / 1
শ্রমিক অসন্তোষ, উৎপাদন ব্যাহত হওয়া এবং উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় বাংলাদেশের তৈরি পোশাকশিল্প থেকে ক্রয়াদেশ সরিয়ে নিচ্ছে বৈশ্বিক ব্র্যান্ডগুলো। গত ১ থেকে ১৮ নভেম্বরের মধ্যে বাংলাদেশ থেকে প্রায় ২৫৪ মিলিয়ন ডলারের পোশাকের ক্রয়াদেশ সরিয়ে নেওয়া হয়েছে। এসব ক্রয়াদেশের বড় অংশই গেছে প্রতিবেশী দেশ ভারতে।
তিনটি তৈরি পোশাক কারখানার মালিকের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কারখানা মালিকদের দাবি, জারা, এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেন্সার (এমঅ্যান্ডএস) ও সেলিওসহ বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ড বাংলাদেশ থেকে তাদের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছে।
শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মজুরি বৃদ্ধি, জ্বালানিসংকট, রাজনৈতিক অনিশ্চয়তা ও শ্রমিক অসন্তোষের কারণে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা কমছে। ভারত ছাড়াও ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ায় ক্রয়াদেশ স্থানান্তর করছেন বিদেশি ক্রেতারা।
তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর তথ্য অনুযায়ী, সাম্প্রতিক শ্রমিক বিক্ষোভের কারণে এ খাতে ৪০ কোটি ডলারের বেশি উৎপাদন ক্ষতি হয়েছে। গত বুধবার পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ শতাংশ বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে। তবে শ্রমিকদের দাবি ছিল মজুরি দ্বিগুণের বেশি করা। ঘোষিত মজুরি নিয়ে অসন্তোষের কারণে নতুন করে শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আবদুর রহমান তরফদার মজুরি বৃদ্ধিকে সন্তোষজনক উল্লেখ করে আশা প্রকাশ করেছেন, শনিবার থেকে পোশাকশ্রমিকেরা কাজে ফিরবেন।
বিজিএমইএর পরিচালক এম মহিউদ্দিন চৌধুরী বলেন, উচ্চ মজুরি, জ্বালানি ও কাঁচামালের বাড়তি খরচ উৎপাদনকারীদের ওপর চাপ তৈরি করছে। একই সময়ে আন্তর্জাতিক ক্রেতারা কম দামে পণ্য চাইছেন। ফলে প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের প্রতিযোগিতা আরও কঠিন হয়ে উঠছে।
তিনি জানান, ভারত এক সপ্তাহেরও কম সময়ে পণ্য সরবরাহ করতে পারে। ভিয়েতনাম ও কম্বোডিয়াও সরবরাহের সময় ১৫ দিন পর্যন্ত কমিয়ে আনতে সক্ষম। এসব প্রতিদ্বন্দ্বী দেশে সাধারণত ৬০ থেকে ৯০ দিনের মধ্যে উৎপাদন ও সরবরাহ সম্পন্ন হলেও বাংলাদেশে সময় লাগে প্রায় ১২০ দিন।
শ্রমিক অসন্তোষে উৎপাদন ব্যাহত হওয়ায় ঢাকার আশপাশের কারখানাগুলো আনুমানিক ২০ থেকে ২৫ দিনের উৎপাদন সময় হারিয়েছে। এতে অনেক কারখানায় কাজের জট তৈরি হয়েছে। নির্ধারিত সময়ে পণ্য সরবরাহের প্রতিশ্রুতি রক্ষা করতে কোনো কোনো প্রতিষ্ঠান অতিরিক্ত সময় কাজ করানো এবং ব্যয়বহুল আকাশপথে পণ্য পাঠানোর পরিকল্পনা করছে।
ইউরোপীয় ব্র্যান্ডগুলোর পোশাক সরবরাহকারী প্রতিষ্ঠান অ্যাল্পস অ্যাপারেলস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খান মনিরুল আলম বলেন, ১ নভেম্বর থেকে অস্থিরতার কারণে তাঁর অধিকাংশ ক্রেতা নতুন ক্রয়াদেশ দেওয়া বন্ধ করেছেন। কিছু ক্রয়াদেশ অন্যত্র সরিয়ে নেওয়া, স্থগিত কিংবা বাতিল করা হয়েছে। ক্রেতারা ইতিমধ্যে বিকল্প উৎপাদনকেন্দ্র খুঁজে নিয়েছেন।
এদিকে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, সাময়িকভাবে কিছু ক্রয়াদেশ অন্যত্র সরিয়ে নেওয়া শিল্পের আর্থিক ক্ষতি কমাতে সহায়তা করতে পারে। তবে আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা ধরে রাখতে স্থিতিশীল পরিবেশ ও নিরবচ্ছিন্ন উৎপাদন নিশ্চিত করা জরুরি।
শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের আশঙ্কা, বর্তমান অস্থিরতা দীর্ঘায়িত হলে শুধু চলমান ক্রয়াদেশ নয়, ভবিষ্যতের ব্যবসাও হারাতে পারে বাংলাদেশ। একবার অন্য দেশে স্থানান্তরিত হওয়া ক্রয়াদেশ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরও ফিরে না আসার ঝুঁকি রয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে তৈরি পোশাকশিল্প থেকে। দেশের উৎপাদন খাতের প্রায় ৪০ শতাংশ কর্মসংস্থানও এ শিল্পের ওপর নির্ভরশীল। ফলে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর ক্রয়াদেশ অন্য দেশে চলে যাওয়ার প্রবণতা দেশের রপ্তানি আয় ও কর্মসংস্থানের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।
সূত্র: রয়টার্স




































