গুম-কারাবাসে হারানো নয় বছর, ক্ষতিপূরণ চান ইলিয়াস

- সর্বশেষ আপডেট ০৩:০৮:২৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- / 171
জীবনের যে সময়ে পড়াশোনা, কর্মজীবন ও ভবিষ্যৎ গড়ার কথা, সেই সময়ের বড় একটি অংশ কেটেছে নিখোঁজ অবস্থা, কারাবাস ও আদালতের বারান্দায়। মাত্র ২০ বছর বয়সে নিখোঁজ হওয়ার পর দীর্ঘ দুর্ভোগ পেরিয়ে আদালতে সব অভিযোগ থেকে খালাস পেয়েছেন শেরপুরের নালিতাবাড়ীর ইলিয়াস আহমেদ। তবে প্রায় নয় বছরের আইনি লড়াইয়ের অবসান হলেও এখনো রাষ্ট্রের কাছ থেকে ক্ষতিপূরণ, আর্থিক সহায়তা কিংবা পুনর্বাসন পাননি তিনি।
ইলিয়াসের বাড়ি নালিতাবাড়ী উপজেলার পূর্ব মানিককুড়া গ্রামে। ১৯৯৬ সালের ৪ এপ্রিল জন্ম নেওয়া ইলিয়াস জীবিকার প্রয়োজনে গাজীপুরের একটি পোশাক কারখানার মানবসম্পদ বিভাগে চাকরি করতেন। পরিবারের অভিযোগ, ২০১৭ সালের ৪ মার্চ গাজীপুরের বাংলাবাজার এলাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তাঁকে তুলে নেওয়া হয়। এরপর টানা ৮৮ দিন তাঁর কোনো সন্ধান পায়নি পরিবার।
নিখোঁজ হওয়ার প্রায় তিন মাস পর ২০১৭ সালের ৩১ মে তেজগাঁও শিল্পাঞ্চল থানার একটি মামলায় (নম্বর ৪০(০৫)২০১৭) তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। পরে সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের একটি মামলায় (নম্বর ২৪৩/২০১৮) তাঁকে কারাগারে পাঠানো হয়। সেখানে ৮০৮ দিন কারাভোগের পর ২০১৯ সালের ৬ আগস্ট উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান তিনি।
তবে কারাগার থেকে বের হলেও শেষ হয়নি তাঁর দুর্ভোগ। নিজের বিরুদ্ধে আনা অভিযোগ মোকাবিলায় বছরের পর বছর আদালতে লড়তে হয়েছে। অবশেষে ২০২৬ সালের ২৬ এপ্রিল বিচারিক আদালতের রায়ে সব অভিযোগ থেকে খালাস পান ইলিয়াস। এতে দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান হলেও তাঁর হারানো সময়, কর্মজীবনের ক্ষতি ও পরিবারের আর্থিক সংকটের সমাধান হয়নি।
এদিকে, ইলিয়াসের গুম হওয়ার অভিযোগ গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারিতে যাচাই-বাছাই শেষে তালিকাভুক্ত হয়েছে। এ-সংক্রান্ত নথিতে স্মারক নম্বর গু.ক.ই-২.২০২৪-১০৫৭, তালিকায় ৩৯১ নম্বর ক্রমিক এবং ১৮৩৪ নম্বর রেজিস্ট্রেশন উল্লেখ রয়েছে।
ইলিয়াসের ভাষ্য, নিখোঁজ থাকা ও পরবর্তী কারাবাস তাঁর শিক্ষা এবং কর্মজীবনের স্বাভাবিক গতিপথ থামিয়ে দিয়েছে। দীর্ঘদিন মামলা পরিচালনার খরচ বহন করতে গিয়ে আর্থিক সংকটে পড়েছে তাঁর পরিবার। আদালতে নির্দোষ প্রমাণিত হলেও আগের সামাজিক মর্যাদা ও স্বাভাবিক জীবন ফিরে পাওয়ার লড়াই এখনো চলছে।
নিজের অভিজ্ঞতা তুলে ধরে ইলিয়াস বলেন, “আদালত আমাকে নির্দোষ ঘোষণা করেছেন, গুম কমিশনেও আমার অভিযোগ গৃহীত হয়েছে। কিন্তু হারিয়ে যাওয়া নয়টি বছর, শিক্ষাজীবন ও সামাজিক সম্মান কে ফিরিয়ে দেবে? রাষ্ট্রের পক্ষ থেকে এখনো কোনো সহযোগিতা বা পুনর্বাসন পাইনি।”
বর্তমান পরিস্থিতিতে সরকারের কাছে চারটি দাবি জানিয়েছেন ইলিয়াস। তাঁর দাবিগুলো হলো; সরকারিভাবে নির্দোষিতার স্বীকৃতি দিয়ে সামাজিক মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা, গুম ও মামলায় জড়ানোর অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনা, উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ এবং সম্মানজনক কর্মসংস্থানের মাধ্যমে পুনর্বাসন।
ইলিয়াসের মতে, আদালতের রায়ে খালাস পাওয়া আইনি মুক্তি নিশ্চিত করলেও জীবনের অপূরণীয় ক্ষতি পূরণ করে না। দীর্ঘ দুর্ভোগের পর স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার সুযোগ তৈরি করতে রাষ্ট্রের কার্যকর উদ্যোগ প্রয়োজন। তাই আইনি লড়াই শেষ হওয়ার পর এখন রাষ্ট্রীয় স্বীকৃতি, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের অপেক্ষায় রয়েছেন তিনি।
































