শিলমান্দীতে সারোয়ার মৃধার সমর্থনে দোয়া মাহফিল

- সর্বশেষ আপডেট ০৯:৫৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / 4
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদী সদর উপজেলার শিলমান্দী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী সারোয়ার হোসেন মৃধার সমর্থনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকালে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর বাগহাটা, মাছিমপুর ও আংশিক শিলমান্দীর যৌথ ঈদগাহ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা সারোয়ার হোসেন মৃধার প্রতি সমর্থন জানিয়ে আগামী নির্বাচনে তাঁকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সোহেল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহন নেতা সেলিম মিয়া, প্রদীপ কর্মকার, আবেদ আলী, সমাজসেবক আশরাফ আলী ও মাওলানা নুরুল্লাহ বাহারসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পরিবহন সংগঠনের নেতাকর্মীরা। এ ছাড়া ৫ নম্বর ওয়ার্ড ও আশপাশের এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পরিবহন নেতা জাকির হোসেন মৃধার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলার প্রথম শ্রেণির ঠিকাদার ফারুক সরকার, নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ও নকশিসের সভাপতি ড. মশিউর রহমান মৃধা, সোহেল আজিজ এবং চেয়ারম্যান পদপ্রার্থী সারোয়ার হোসেন মৃধা।
বক্তারা বলেন, শিলমান্দী ইউনিয়নের সার্বিক উন্নয়ন, শিক্ষা, অবকাঠামো এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব প্রয়োজন। এ ক্ষেত্রে সারোয়ার হোসেন মৃধার পাশে থাকার পাশাপাশি আগামী নির্বাচনে তাঁর পক্ষে কাজ করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান তাঁরা।
বক্তব্যে সারোয়ার হোসেন মৃধা বলেন, দীর্ঘদিন ধরে পরিবহন খাতের সঙ্গে যুক্ত থেকে অর্জিত অভিজ্ঞতা তিনি এলাকার মানুষের কল্যাণে কাজে লাগাতে চান। নির্বাচিত হলে রাস্তাঘাট ও অবকাঠামোর উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি, শিক্ষা এবং সামাজিক উন্নয়নসহ স্থানীয় মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করবেন।
তিনি বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে শিলমান্দী ইউনিয়নকে একটি সুন্দর, উন্নত ও জনবান্ধব এলাকা হিসেবে গড়ে তুলতে চান। এ জন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
সারোয়ার হোসেন মৃধা বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক এবং আন্তঃজেলা মালিক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে তাঁর সার্বিক সফলতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।































