দুবলার চরের আলোর কোলে রাস উৎসব ও পূণ্যস্নান

- সর্বশেষ আপডেট ১২:৩৬:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / 62
সুন্দরবনের দুবলার চরের আলোর কোলে শুরু হয়েছে ঐতিহ্যবাহী রাস উৎসব ও পূণ্যস্নান। বঙ্গোপসাগরের নোনা জলে পূণ্যস্নান, রাধা-কৃষ্ণের পূজা-অর্চনা ও ধর্মীয় নানা আনুষ্ঠানিকতায় মঙ্গলবার ভোর থেকেই মুখর হয়ে উঠেছে সাগরপাড়ের এই জনপদ। রাস পূর্ণিমা উপলক্ষে দেশ-বিদেশের ১০ হাজারের বেশি পূণ্যার্থীর সমাগম ঘটেছে বলে জানিয়েছে বন বিভাগ।
ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে বঙ্গোপসাগরের সৈকতে পূণ্যস্নানের জন্য ভিড় করেন হিন্দু ধর্মাবলম্বীরা। তাঁদের বিশ্বাস, ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা স্মরণে রাস পূর্ণিমার তিথিতে সাগরের জলে স্নান করলে পাপমোচন ও আত্মশুদ্ধি হয়। বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় পূণ্যস্নান শেষে তাঁরা রাধা-কৃষ্ণের পূজা-অর্চনায় অংশ নেন। এ সময় প্রদীপ ও মঙ্গলবাতি প্রজ্বালনে আলোকিত হয়ে ওঠে চরের বিস্তীর্ণ এলাকা।
লোককথা ও স্থানীয় ইতিহাস অনুযায়ী, কয়েক শতাব্দী ধরে দুবলার চরে রাস উৎসব পালিত হয়ে আসছে। প্রচলিত রয়েছে, হরিভজন নামের এক সাধু সুন্দরবনের এই চরে রাসপূজার সূচনা করেন। সময়ের ব্যবধানে ধর্মীয় এই আয়োজন পরিণত হয়েছে উপকূলীয় অঞ্চলের অন্যতম ঐতিহ্যবাহী উৎসবে। প্রতি বছর রাস পূর্ণিমাকে কেন্দ্র করে সুন্দরবনের গভীরে এই উৎসবে অংশ নিতে ছুটে আসেন দূর-দূরান্তের মানুষ। তবে গত দুই বছর ধরে উৎসবে শুধু হিন্দু ধর্মাবলম্বীদের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।
উৎসবে অংশ নিতে আসা পূণ্যার্থীদের যাতায়াতের জন্য আগেই নির্ধারিত নৌপথ ও রুট ঘোষণা করে বন বিভাগ। লঞ্চ, ট্রলার ও অন্যান্য নৌযানে সুন্দরবনের নদী-খাল পাড়ি দিয়ে আলোর কোলে পৌঁছান তাঁরা। উৎসব উপলক্ষে চরে তৈরি করা হয়েছে অস্থায়ী মণ্ডপ। পাশাপাশি আলোকসজ্জা, ঢাক-ঢোল, কাঁসর-ঘণ্টা ও ভজন-কীর্তনে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
এদিকে, পূণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। বন বিভাগ, কোস্টগার্ড, নৌবাহিনীসহ সংশ্লিষ্ট বাহিনীর সমন্বয়ে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। চরের প্রবেশপথ, ঘাট ও আশপাশের জলসীমায় চলছে সার্বক্ষণিক টহল।
সুন্দরবনের জীববৈচিত্র্য ও পরিবেশ সুরক্ষায়ও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। পূণ্যার্থীদের নির্ধারিত নৌপথ ব্যবহার, বনের ভেতরে প্রবেশ না করা এবং প্লাস্টিক ও পলিথিন বর্জনের নির্দেশনা দিয়েছে বন বিভাগ। বন্যপ্রাণীর ক্ষতি বা বিরক্ত হয় এমন কোনো কর্মকাণ্ড থেকেও বিরত থাকতে বলা হয়েছে। এসব নির্দেশনা বাস্তবায়নে বনরক্ষী ও স্বেচ্ছাসেবকেরা নজরদারি করছেন।
দুবলা ফিসারম্যান গ্রুপের সভাপতি কামাল উদ্দিন বলেন, শতবর্ষী এই রাস উৎসব উপকূলীয় অঞ্চল ও সুন্দরবনের অন্যতম ঐতিহ্য। প্রতি বছরের মতো এবারও ভোর থেকে হাজার হাজার পূণ্যার্থী শান্তিপূর্ণভাবে পূণ্যস্নান ও ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করছেন। বন বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তায় কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই উৎসব চলছে। সংগঠনের পক্ষ থেকেও পূণ্যার্থীদের সহযোগিতা এবং সুন্দরবনের পরিবেশ রক্ষায় কাজ করা হচ্ছে।
বন বিভাগের দুবলা ইনচার্জ খলিলুর রহমান বলেন, এবার দুবলার চরের আলোর কোলে রাস উৎসব ও পূণ্যস্নানে ১০ হাজারের বেশি মানুষের সমাগম হয়েছে। উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বন বিভাগ, কোস্টগার্ড, নৌবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় নির্ধারিত রুট অনুসরণ, বনের ভেতরে প্রবেশ না করা এবং প্লাস্টিক-পলিথিন বর্জনের বিষয়ে কঠোর নজরদারি রাখা হয়েছে।































