সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা

- সর্বশেষ আপডেট ১০:৪৪:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / 67
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে পেট্রলবোমা ও কেরোসিন দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। তবে এলাকাবাসীর তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
রোববার ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাঁর বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করেছে। ঘটনার সময় বাড়িতে তাঁর মা-বাবা অবস্থান করছিলেন বলেও জানান তিনি।
ফেসবুক পোস্টে সাদিক কায়েম দাবি করেন, দুর্বৃত্তরা বাড়ির চারপাশে পেট্রলবোমা নিক্ষেপ করে এবং ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই এলাকাবাসী তা নিভিয়ে ফেলেন। এতে তাঁর মা-বাবা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ৩টার পর বাড়িটিতে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাড়ির দেয়ালে আগুন দেওয়ার চেষ্টা হয়েছিল। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ করা হয়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, রাতে সাদিক কায়েমের পরিবারের সদস্যদের চিৎকার শুনে তাঁরা ছুটে যান। বাড়ির সিঁড়ির পাশের উঠানে আগুন জ্বলতে দেখে দ্রুত তা নিভিয়ে ফেলেন। এ সময় ঘটনাস্থলে কেরোসিন পড়ে থাকতে দেখা যায়।
ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করে সাদিক কায়েম বলেন, হামলা, হুমকি ও ভীতি প্রদর্শন করে জুলাইপন্থী ছাত্র-জনতাকে দমিয়ে রাখা যাবে না। পেট্রলবোমা ও অগ্নিসন্ত্রাসের মতো কর্মকাণ্ড তাঁদের লড়াইকে আরও দৃঢ় করবে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রোববার দেওয়া এক বিবৃতিতে তিনি হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।































