রিকশাচালককে কুপিয়ে জখম
হাতিরঝিলে সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ কাতারপ্রবাসী

- সর্বশেষ আপডেট ০৮:২৭:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / 7
রাজধানীর হাতিরঝিলে সন্ত্রাসীদের হামলায় এক কাতারপ্রবাসী গুলিবিদ্ধ ও এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ওয়াপদা রোডের বাগিচারটেক এলাকার একটি গ্যারেজে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন বরিশালের গৌরনদী উপজেলার সানাউল্লাহ গনি ওরফে বাবু (২৫) এবং কুমিল্লার চান্দিনা উপজেলার শরিফ (২৮)। তারা দুজনই বাগিচারটেক এলাকায় বসবাস করেন। বাবু কাতারপ্রবাসী। দুই মাস আগে ছুটিতে দেশে ফেরেন তিনি। শরিফ পেশায় রিকশাচালক।
আহত বাবুর খালাতো ভাই মনিরের অভিযোগ, দুপুরে গ্যারেজে অবস্থানকালে স্থানীয় সন্ত্রাসী গ্রুপের সদস্য হাসনাইন, হাসিব ও নূরুসহ ৩-৪ জন তাদের ওপর হামলা চালায়। এ সময় বাবুর বুকের বাম পাশে গুলি করা হয়। পাশাপাশি তার ডান হাতের তালু ও ডান পায়েও আঘাত করা হয়। অন্যদিকে, শরিফের ডান হাঁটুতে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। হামলার পরপরই পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পরে গ্যারেজের এক রিকশাচালক বাবুকে উদ্ধার করে প্রথমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে বিকেল ৫টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
অন্যদিকে, প্রতিবেশী সুমন আহত শরিফকে উদ্ধার করে বিকেল সাড়ে ৪টার দিকে ঢামেক হাসপাতালে ভর্তি করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, চিকিৎসকদের বরাতে তিনি নিশ্চিত করেছেন, আহত দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
































