নরসিংদীতে তিন দিবস উদযাপনে প্রস্তুতি সভা

- সর্বশেষ আপডেট ১০:৪৪:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / 77
নরসিংদী মুক্ত দিবস (১২ ডিসেম্বর), শহিদ বুদ্ধিজীবী দিবস (১৪ ডিসেম্বর) ও মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান।
সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ তোফাজ্জল হোসেন মাস্টার, পৌর প্রশাসক মো. সফি উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার সজিব শাহরীন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান খান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সারওয়ার মৃধা, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস এবং জেলা প্রেস ক্লাবের সভাপতি মো. আউয়াল মিয়া।
এ ছাড়া সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় তিনটি দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়। কর্মসূচির মধ্যে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, মুক্তিযুদ্ধভিত্তিক অনুষ্ঠান এবং শহিদদের স্মরণে শ্রদ্ধা নিবেদনের বিষয়গুলো গুরুত্ব পায়।
সভায় বক্তারা দিবসগুলোর ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর জোর দেন। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধে শহিদদের আত্মত্যাগ এবং বীর মুক্তিযোদ্ধাদের অবদান যথাযথভাবে স্মরণ করার আহ্বান জানান।
দিবসগুলোর আয়োজন সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সব পক্ষের সমন্বিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় উপস্থিত সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।





























