গোপালগঞ্জে আ. লীগের অভ্যন্তরীণ কোন্দলে গুলিবিদ্ধ ৩

- সর্বশেষ আপডেট ০৯:০৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / 67
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। সংঘর্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া, হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের প্রাণকেন্দ্র লঞ্চঘাট বটতলা এলাকায় এ সংঘর্ষ শুরু হয়।
গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন চরমানিকদাহ গ্রামের হাফিজ মোল্লার ছেলে জাহিদুর রহমান (১৯), শাফায়েত মোল্লার ছেলে সাহাবুল মোল্লা (৪০) এবং কবীর মোল্লার ছেলে জাহিদুল মোল্লা (৩৭)। এ ছাড়া দেশীয় অস্ত্রের আঘাতে আরও কয়েকজন আহত হয়েছেন। তাঁদের গোপালগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিতে দেখা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, লতিফপুর ইউনিয়নের ঘোষেরচর ও চরমানিকদাহ গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ বাধে। উভয় পক্ষ ঢাল, সড়কি, টেঁটা ও রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। একপর্যায়ে শহরের বিভিন্ন স্থানে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
স্থানীয়দের দাবি, আওয়ামী লীগের অভ্যন্তরীণ নেতৃত্বের দ্বন্দ্ব এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই বিরোধের সূত্রপাত। কে এলাকায় প্রভাবশালী নেতা হবেন, তা নিয়েই দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল।
খবর পেয়ে বিজিবি, আনসার ও পুলিশের বিশেষায়িত দল (এসআরবি) ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সংঘর্ষে মোট কতজন আহত হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।































