শুটিংয়ে গিয়ে চিরঘুমে অভিনেতা সোহেল খান

- সর্বশেষ আপডেট ০১:১০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- / 195
অভিনয়জগতের পরিচিত মুখ অভিনেতা সোহেল খান আর নেই। শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় গিয়ে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে শেষনিশ্বাস ত্যাগ করেছেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।
মঙ্গলবার সকালে অসুস্থ হয়ে পড়লে তাঁকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের মৃত্যুসনদে মৃত্যুর কারণ হিসেবে কার্ডিয়াক অ্যারেস্টের কথা উল্লেখ করা হয়েছে।
চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় গিয়েছিলেন সোহেল খান।
শুটিং ইউনিট সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর থেকে বগুড়ায় অবস্থান করছিলেন এই অভিনেতা। বুধবার তাঁর অংশের শুটিং শেষ হওয়ার কথা ছিল। মঙ্গলবার সকালে মেকআপ নিয়ে শুটিংয়ের জন্য প্রস্তুতও হয়েছিলেন তিনি। পরে তাঁকে ডাকতে হোটেলের কক্ষে গিয়ে ইউনিটের এক সদস্য বিছানায় পড়ে থাকতে দেখেন। ডাকাডাকি করেও সাড়া না পেয়ে অন্যদের খবর দেন। এরপর দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মধ্য দিয়ে পর্দায় যাত্রা শুরু করেন সোহেল খান। পরে ফারুকীর জনপ্রিয় রাজনৈতিক ব্যঙ্গধর্মী ধারাবাহিক ‘৪২০’-এ অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পান। ২০০৭ সালে প্রচারিত এই ধারাবাহিকে তাঁর সহশিল্পী ছিলেন মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, লুৎফর রহমান জর্জ ও মারজুক রাসেল।
দীর্ঘ অভিনয়জীবনে একক নাটক, ধারাবাহিক ও টেলিছবিতে কাজ করেছেন তিনি। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’, ‘ভালোবাসার যৌথ খামার’ ও ‘নিমন্ত্রণ রইল সবার’।
বড় পর্দায়ও ছিল তাঁর সরব উপস্থিতি। হুমায়ূন আহমেদের ‘নয় নম্বর বিপদ সংকেত’ ছাড়াও ‘দারুচিনি দ্বীপ’, ‘কমন জেন্ডার’, ‘বীর’, ‘শান’ ও ‘দেশা: দ্য লিডার’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। ‘দেশা: দ্য লিডার’ সিনেমায় চেয়ারম্যানের চরিত্রে অভিনয় করেন সোহেল খান। সর্বশেষ ২০২৫ সালের ঈদে মুক্তি পাওয়া ‘জংলি’ সিনেমায় তাঁকে দেখা যায় গ্যারেজের মালিকের ভূমিকায়।
ঢাকার ধামরাইয়ের রাজাপুর গ্রামে সোহেল খানের পৈতৃক বাড়ি। ‘জংলি’ মুক্তির পর এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, সংস্কৃতিচর্চার সুযোগ রয়েছে এমন কোনো মফস্সল শহরে একটি সিনেমা হল গড়ে তোলার স্বপ্ন দেখতেন তিনি।
শুটিংয়ের ব্যস্ততার মধ্যেই হঠাৎ তাঁর এই চলে যাওয়া সহকর্মী ও ভক্তদের জন্য বেদনার। পর্দায় নানা চরিত্রে দর্শকের মনে জায়গা করে নেওয়া এই অভিনেতা আর ফিরবেন না নতুন কোনো শুটিংয়ে। তাঁর অভিনীত কাজগুলোই তাঁকে স্মরণ করিয়ে দেবে দর্শকদের।





































