বৃহস্পতিবার বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী

- সর্বশেষ আপডেট ০৪:৩৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- / 9
দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা খরচে ১১২ বাংলাদেশি কর্মী নিয়ে আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মালয়েশিয়ার উদ্দেশে প্রথম ফ্লাইট ছেড়ে যাবে। ওই ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়ালালামপুরের উদ্দেশে যাত্রা করবে। বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) সূত্রে জানা গেছে, মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন প্রতিষ্ঠানে যোগ দিতে যাওয়া এসব কর্মীর বিমানভাড়াসহ যাতায়াত ও নিয়োগসংক্রান্ত সব খরচ বহন করবে নিয়োগদাতা প্রতিষ্ঠান। ফলে কর্মীদের কোনো অভিবাসন ব্যয় করতে হবে না।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রথম পর্যায়ে মোট ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে। এর অংশ হিসেবেই প্রাথমিকভাবে ১১২ জন কর্মী নিয়ে যাত্রা শুরু হচ্ছে।
বোয়েসেল সূত্র জানায়, কর্মী নির্বাচনের জন্য গত ৬ থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হয়। এতে মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে। পরে স্বয়ংক্রিয় পদ্ধতিতে লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জনকে নির্বাচিত করা হয়।
তবে সাক্ষাৎকারের নির্ধারিত দুই দিনে নির্বাচিতদের মধ্যে কয়েকজন উপস্থিত না হওয়ায় নতুন করে আরও ৫০ জনকে সাক্ষাৎকারে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। পরবর্তী সময়ে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার মাধ্যমে ১১২ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করে মালয়েশিয়ার নিয়োগদাতা প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়া।
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক জানান, সরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে এবারই প্রথম লটারির মাধ্যমে যোগ্য ও দক্ষ কর্মী বাছাই করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২২ সাল থেকে ২০২৪ সালের ৩১ মে পর্যন্ত মালয়েশিয়ায় প্রায় সাড়ে চার লাখ বাংলাদেশি কর্মী নিয়োগ পেয়েছিলেন। তবে নিয়োগে অনিয়ম, অতিরিক্ত অভিবাসন ব্যয়, দুর্নীতি ও শ্রমিক শোষণের অভিযোগ ওঠার পর ২০২৪ সালের জুন থেকে বাংলাদেশি কর্মী নেওয়া বন্ধ হয়ে যায়। ১০১টি এজেন্সির একটি সিন্ডিকেটের বিরুদ্ধে অনিয়মের অভিযোগও আলোচনায় আসে।
এর আগেও বিভিন্ন সময়ে সিন্ডিকেট ও নিয়োগসংক্রান্ত অনিয়মের অভিযোগে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হওয়ার ঘটনা ঘটেছে। নতুন করে সরকারি ব্যবস্থাপনায় বিনা খরচে কর্মী পাঠানোর উদ্যোগকে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।






























