প্রথম ধাপে বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী

- সর্বশেষ আপডেট ০২:০২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / 210
বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী পাঠানোর উদ্যোগের অংশ হিসেবে প্রথম ধাপে ১১২ জন পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। মালয়েশিয়ার প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন বিএইচডিতে কাজের সুযোগ পাবেন নির্বাচিত কর্মীরা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক। তিনি জানান, ১০ হাজার কর্মী পাঠানোর লক্ষ্যমাত্রার বিপরীতে এখন পর্যন্ত ৫৬৮টি চাহিদাপত্র পাওয়া গেছে।
বোয়েসেল জানায়, গত ২ নভেম্বর ডিএইচএল সাপ্লাই চেইন থেকে কর্মী নিয়োগের চাহিদাপত্র পাওয়ার পর ৫ নভেম্বর অনলাইনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে। পরে স্বচ্ছতা নিশ্চিত করতে অনলাইন লটারির মাধ্যমে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার পদে ১০০ জনসহ মোট ৩০০ জনকে প্রাথমিকভাবে বাছাই করা হয়।
এই ৩০০ জনের মধ্য থেকে দক্ষতা, ব্যবহারিক সক্ষমতা ও পদের উপযোগিতা যাচাই করে ১১২ জনকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে মালয়েশিয়া থেকে আসা নয় সদস্যের একটি প্রতিনিধি দল ১২ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাৎকার নেবে। চূড়ান্ত প্রার্থী নির্বাচন করবেন নিয়োগকর্তারা।
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক জানান, এ নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ শূন্য অভিবাসন ব্যয়ে পরিচালিত হচ্ছে। নির্বাচিত কর্মীদের অভিবাসনসংক্রান্ত সব সরকার নির্ধারিত ব্যয় বহন করবে মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠান। বোয়েসেল কোনো ধরনের সার্ভিস চার্জ নেবে না।
তিনি আরও জানান, নিয়োগের নামে কোনো দালাল বা মধ্যস্বত্বভোগী অর্থ দাবি করলে কিংবা কোনো প্রার্থী অনৈতিক লেনদেনে জড়ালে প্রমাণ সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের আর্থিক লেনদেন থেকে প্রার্থীদের বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
রাশেদুল হক বলেন, অর্থের অভাবে যেন কোনো যোগ্য ও কর্মক্ষম মানুষ বিদেশে কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত না হন, সেটিই এ উদ্যোগের মূল লক্ষ্য।






























