নিরাপদ খাদ্য নিশ্চিতে পিরোজপুরে সেমিনার

- সর্বশেষ আপডেট ০৮:৩৮:১৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / 37
পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ বিজ্ঞান ক্লাবের উদ্যোগে ‘নিরাপদ খাদ্য, সুস্থ জীবন: প্রেক্ষাপট পিরোজপুর’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় কলেজের ওমান ভবনের অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. জহিরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর লায়ন শেখ রফিকুল ইসলাম।
বিজ্ঞান ক্লাবের আহ্বায়ক ও পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক নুসরাত কানিজ রাসুল সেমিনারের সার্বিক তত্ত্বাবধান করেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. তারিকুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শহিদুল ইসলাম চান, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ শাহীন রেজা, পিরোজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন এবং পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম।
আলোচনায় বক্তারা পিরোজপুরের বিভিন্ন খাদ্যপণ্যে ভেজালের ঝুঁকি তুলে ধরেন। তাঁরা বলেন, মাছ ও শুঁটকি, ফলমূল, দুধ, ভোজ্যতেল, মসলা, বেকারি ও প্রক্রিয়াজাত খাবারে রাসায়নিক পদার্থ ও ক্ষতিকর উপাদানের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক।
খাদ্যে ভেজাল প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত ও অভিযান জোরদার, উপকূলীয় এলাকায় মনিটরিং সেল গঠন এবং উপজেলা পর্যায়ে আধুনিক খাদ্য পরীক্ষাগার স্থাপনের সুপারিশ করেন বক্তারা। পাশাপাশি কৃষকদের জৈব পদ্ধতিতে চাষাবাদে উৎসাহিত করার ওপর গুরুত্ব দেন তাঁরা।
বক্তারা আরও বলেন, নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতনতা বাড়াতে শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালাতে হবে। একই সঙ্গে খাদ্যে ভেজালের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।
সেমিনারে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রশাসন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

































