চুক্তির পরও যুক্তরাষ্ট্রে যাচ্ছে না রুশ ডিজেল

- সর্বশেষ আপডেট ০৯:৫৬:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- / 94
রাশিয়ার ডিজেল নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করা অন্তত তিনটি ট্যাংকার তাদের গতিপথ পরিবর্তন করেছে। এতে অক্টোবরে হওয়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বিদ্যমান নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়াকে ডিজেলের মজুত যুক্তরাষ্ট্র ও বৈশ্বিক বাজারে ছাড়ার অনুমতি দিতে পুতিনের সঙ্গে ট্রাম্পের সমঝোতার প্রায় এক মাস পার হয়েছে। কিন্তু এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে পৌঁছায়নি এক ফোঁটা ডিজেলও। এরই মধ্যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে দেশটিতে ডিজেলের দাম প্রায় দ্বিগুণ হয়েছে।
চুক্তি হওয়ার পর থেকে রাশিয়া মোট চারটি ডিজেলবাহী ট্যাংকার পাঠিয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত যা জানা গেছে, তা তুলে ধরা হলো।
রাশিয়ার ট্যাংকার ‘তালিসম্যান’ এবং সিয়েরা লিওনের পতাকাবাহী ‘লেরু’ গত মাসে বাল্টিক সাগরের বন্দর প্রিমর্স্ক থেকে ছেড়ে যায়। তাদের গন্তব্য ছিল যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল।
তবে সামুদ্রিক বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলার এবং জাহাজের গতিবিধি পর্যবেক্ষণকারী ওয়েবসাইট মেরিনট্রাফিকের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত দেখা গেছে, একটি ট্যাংকার ব্রাজিলের দিকে এবং অন্যটি ভূমধ্যসাগরের দিকে যাচ্ছে।
উত্তর আটলান্টিক মহাসাগরে থাকা তৃতীয় একটি ট্যাংকার তার গন্তব্য নিউইয়র্ক থেকে পরিবর্তন করে ‘ফর অর্ডার্স’ করেছে। অর্থাৎ জাহাজটি কোথায় গিয়ে পণ্য খালাস করবে, তা এখনও নির্ধারিত নয়।
ফিন্যান্সিয়াল টাইমস আরও জানিয়েছে, নিষেধাজ্ঞার আওতায় থাকা সেশেলসের মালিকানাধীন ‘বিস্ট’ নামের একটি ট্যাংকার, যেটি অক্টোবরের শেষ দিকে রাশিয়ার প্রিমর্স্ক বন্দরে ডিজেলবোঝাই করেছিল, সেটি যুক্তরাষ্ট্রের দিকে যাত্রা করেছে। বর্তমানে জাহাজটি তার গন্তব্য হিসেবে ‘আটলান্টিক’ উল্লেখ করছে।
চুক্তির বিস্তারিত তথ্য খুবই সীমিত। গত ৯ অক্টোবর পুতিনের সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প প্রথম চুক্তির ঘোষণা দেন। তিনি বলেছিলেন, রাশিয়া অবিলম্বে যুক্তরাষ্ট্র ও বৈশ্বিক বাজারে ৩ লাখ টনের বেশি ডিজেল সরবরাহের ব্যবস্থা করবে।
দূরপাল্লার পণ্যবাহী ট্যাংকারগুলো একবারে প্রায় ১ লাখ টন পর্যন্ত ডিজেল বহন করতে পারে।
ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছিলেন, নভেম্বরে আরও ৫ লাখ টন ডিজেল সরবরাহ করা হবে। এর পরপরই আরও ১০ লাখ টন সরবরাহ করা হবে।
পুতিনের সঙ্গে ট্রাম্পের করা এই চুক্তির আওতায় আগামী ৭ এপ্রিল পর্যন্ত রাশিয়ার ডিজেল বিক্রি, সরবরাহ, খালাস এবং আমদানি করা যাবে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে ইউক্রেন রাশিয়ার জ্বালানি স্থাপনায় হামলা চালিয়ে ডিজেলের সংকট তৈরি করছে বলে ট্রাম্প অভিযোগ করার পর এই চুক্তি হয়।
এর মাধ্যমে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর রুশ জ্বালানি আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছিল ওয়াশিংটন। তবে ট্রাম্পের এই ঘোষণার মধ্য দিয়ে ওয়াশিংটন তাদের কয়েক বছরের নীতি থেকে সরে আসে।
যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ দপ্তর (ওএফএসি) এরপর সাময়িকভাবে নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি দেয়। এতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উভয় দলের একদল আইনপ্রণেতা ক্ষুব্ধ হন। গত সেপ্টেম্বরে তারা ইউক্রেনপন্থী প্রয়াত সিনেটর লিন্ডসে গ্রাহামের নামে নতুন একটি নিষেধাজ্ঞা প্যাকেজ পাস করেছিলেন।
এক বিবৃতিতে মার্কিন অর্থ মন্ত্রণালয় বলেছে, এই অব্যাহতি ‘প্রযোজ্য সব আইনের সঙ্গে সামঞ্জস্য রেখেই’ দেয়া হয়েছে।
অক্টোবরে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের সেন্ট পিটার্সবার্গ সফরের সময় রাশিয়া প্রথম ডিজেল চালানের ঘোষণা দেয়।
হোয়াইট হাউস কিংবা ক্রেমলিন; কেউই জানায়নি, চুক্তিটি লিখিতভাবে সম্পাদিত হয়েছিল কি না। ডিজেলের দাম কত হবে, অর্থ পরিশোধের শর্ত কী হবে কিংবা কোন কোন কোম্পানি এতে যুক্ত রয়েছে, তা-ও প্রকাশ করা হয়নি।
এর সঠিক পরিমাণ জানা যায়নি। তবে প্রতিশ্রুত পরিমাণের চেয়ে কম। এই চালানগুলোর পরিমাণ প্রকাশ করা হয়নি। তবে বিশ্লেষকদের মতে, প্রথম চালানটি যুক্তরাষ্ট্রের ভোক্তাদের জন্য উল্লেখযোগ্য কোনো স্বস্তি বয়ে আনার সম্ভাবনা কম।
যুক্তরাষ্ট্রে খুচরা পর্যায়ে ডিজেলের দাম সেপ্টেম্বরে প্রতি গ্যালন ৬ ডলার ছাড়িয়ে যায় (প্রতি লিটার ১ দশমিক ৫৯ ডলার)। যুদ্ধ শুরুর আগের তুলনায় এই দাম ছিল প্রায় দ্বিগুণ। এরপরও দাম উচ্চ পর্যায়েই রয়েছে।
রাশিয়ার পাঠানো প্রথম ট্যাংকারের চালান সম্পর্কে রক্ষা ইন্টেলিজেন্সের প্রধান নির্বাহী আরাথি কৃষ্ণান আল জাজিরাকে বলেন, প্রতিবেদন অনুযায়ী, এই চালানের পরিমাণ যুক্তরাষ্ট্রের মোট ডিজেলজাতীয় জ্বালানির দুই ঘণ্টার চাহিদার সমান।
তিনি বলেন, পরিকল্পনা অনুযায়ী এটি পৌঁছালেও জাতীয় সরবরাহে খুব সামান্যই প্রভাব ফেলবে।
ব্যবসায়ীরা কেন রুশ ডিজেল কিনতে চাইছেন না? কারণ, আইনি ঝুঁকি। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় সাময়িকভাবে রুশ ডিজেল বিক্রির অনুমতি দিলেও, যা সাধারণত নিষেধাজ্ঞার আওতায় পড়ার কথা, রাশিয়ার জ্বালানি আমদানির ওপর কংগ্রেসের নিষেধাজ্ঞা এখনও বহাল রয়েছে। ফলে ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক অনিশ্চয়তা তৈরি হয়েছে।
নিউ জার্সির গভর্নর মিকি শেরিল সোমবার তার অঙ্গরাজ্যের বন্দর ও টার্মিনাল পরিচালনাকারীদের কাছে চিঠি লিখে জ্বালানিবাহী জাহাজগুলো ফিরিয়ে দিতে বলেছেন।
তিনি সতর্ক করে বলেছেন, রুশ জ্বালানির অবৈধ বাণিজ্য থেকে মুনাফা অর্জনের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
শেরিলের যুক্তি, ট্রাম্প প্রশাসনের এই নিষেধাজ্ঞা তুলে দেয়ার কোনো আইনগত ক্ষমতা নেই।
আইনপ্রণেতারাও সতর্ক করেছেন, এসব জ্বালানি আমদানি ও ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত হলে ব্যাংক, বন্দর কর্তৃপক্ষ এবং জ্বালানি বিতরণকারীরা দেওয়ানি ও ফৌজদারি দায়ের মুখে পড়তে পারেন। ভবিষ্যতে কংগ্রেসের তদন্তেরও মুখোমুখি হতে পারেন তারা।
ট্রাম্প প্রশাসনের দাবি, এই অব্যাহতি আইনসম্মত। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আদালত রায় দেননি।
কেপলারের বিশ্লেষক ম্যাট স্মিথ এপিকে বলেন, এটা স্পষ্ট যে, এসব জ্বালানি তীরে খালাস করার ক্ষেত্রে অনেকে দ্বিধায় রয়েছেন। কারণ, এর সঙ্গে নানা ধরনের জটিলতা ও পরিণতির বিষয় জড়িত।
ডিজেলগুলো এখন কোথায় যাবে? বিশেষজ্ঞদের মতে, সম্ভবত যুক্তরাষ্ট্রে নয়। কেপলারের তথ্য অনুযায়ী, গতিপথ পরিবর্তন করা প্রথম দুটি ট্যাংকারের একটি ব্রাজিল এবং অন্যটি ভূমধ্যসাগরের দিকে যাচ্ছে। তৃতীয় ট্যাংকারটিও একই পথ অনুসরণ করতে পারে।
স্মিথ বলেন, নিয়ন্ত্রক বিধিবিধান ও নিষেধাজ্ঞা সংক্রান্ত উদ্বেগের কারণে আমরা হয়তো এই চালানগুলোকে যুক্তরাষ্ট্রের আটলান্টিক উপকূলে খালাস হতে দেখব না।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, সব ডিজেলেরই ক্রেতা পাওয়া যাবে।
পুতিনের বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ আরও এক ধাপ এগিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, এসব প্রতিবেদন ‘ভুয়া’ এবং ‘যুক্তরাষ্ট্রের উদ্দেশে নির্ধারিত ট্যাংকারগুলো এখনো তাদের নির্ধারিত পথেই চলছে’।
































