ডিজিএফআইয়ের নতুন ডিজির দায়িত্ব গ্রহণ
- সর্বশেষ আপডেট ০৯:১২:১৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
- / 198
গত সোমবার ঢাকা সেনানিবাসে কায়সার রশীদ চৌধুরীকে মেজর জেনারেল র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া হয়/ছবি: আইএসপিআর
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রশীদ চৌধুরী।
সোমবার ঢাকা সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তার কাঁধে মেজর জেনারেলের র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। সশস্ত্র বাহিনী বিভাগে অনুষ্ঠিত এই আয়োজনে সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২৯তম বিএমএ লং কোর্স থেকে কমিশনপ্রাপ্ত কায়সার রশীদ চৌধুরী সে সময় দ্বিতীয় সেরা ক্যাডেট হিসেবে স্বীকৃতি পান। বর্তমানে তিনি তার কোর্সের শীর্ষ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
দীর্ঘ কর্মজীবনে দেশ-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ সম্পন্ন করেছেন তিনি। বাংলাদেশ ও যুক্তরাজ্য থেকে দুটি স্টাফ কোর্সে সাফল্য অর্জনের পাশাপাশি তুরস্কে আর্টিলারি বেসিক কোর্স এবং পাকিস্তানে গানারি স্টাফ কোর্স সম্পন্ন করেন।
পেশাগত জীবনে তিনি পার্বত্য চট্টগ্রামে আর্টিলারি ব্রিগেডের ব্রিগেড মেজর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে তিন বছরের বেশি সময় ডিরেক্টিং স্টাফ ও চিফ ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করেছেন। স্কুল অব আর্টিলারিতেও একাধিক মেয়াদে প্রশিক্ষক ছিলেন।
২০১৯ সালে জাতিসংঘ সদর দপ্তরে কর্মরত অবস্থায় তার উদ্যোগে বাংলাদেশ শান্তিরক্ষা মিশনে সর্বোচ্চ সৈন্য প্রেরণকারী দেশ হিসেবে স্বীকৃতি পায়। তার দায়িত্বকালজুড়েই এই অবস্থান বজায় ছিল। শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের বিভিন্ন বাহিনীর জন্য নতুন সুযোগ সৃষ্টিতেও তিনি উল্লেখযোগ্য ভূমিকা রাখেন।


































