রোহিঙ্গাদের ফেরত পাঠাতে মালয়েশিয়ার তোড়জোড়

- সর্বশেষ আপডেট ০৭:৪৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- / 29
মালয়েশিয়া থেকে আগামী ডিসেম্বরে ৬ হাজার ৮০০-এর বেশি মিয়ানমারের নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানোর পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার। এর মধ্যে ১ হাজার ৫০০ জনকে নৌযানে এবং ৫ হাজার ৩০৩ জনকে বিমানে করে ফেরত পাঠানো হবে। মঙ্গলবার (২৪ নভেম্বর) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ ঘোষণা দেন।
তিনি জানান, আগামী ৬ ও ৭ ডিসেম্বর তিনটি নৌযানে করে ১ হাজার ৫০০ মিয়ানমারের নাগরিককে ফেরত পাঠানো হবে। বাকি ৫ হাজার ৩০৩ জনকে ডিসেম্বরের মধ্যেই বিমানে করে পাঠানো হবে। এ বিমানযাত্রার ব্যয় বহন করবে মিয়ানমার সরকার।
আনোয়ারের এ ঘোষণার পাঁচ দিন আগে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রায়ে জানায়, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে। আদালত বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করার নির্দেশনাও দেন।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, গত আগস্ট পর্যন্ত মালয়েশিয়ায় ২ লাখ ২৫ হাজার ৭৪০ জন শরণার্থী ও আশ্রয়প্রার্থী নিবন্ধিত ছিলেন। তাঁদের প্রায় ৯০ শতাংশই মিয়ানমারের নাগরিক। এর মধ্যে প্রায় ১ লাখ ৯০ হাজার মিয়ানমারের শরণার্থী ও আশ্রয়প্রার্থীর দুই-তৃতীয়াংশ রোহিঙ্গা।
মালয়েশিয়া দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে পালিয়ে আসা মানুষদের আশ্রয় দিয়ে এলেও বিপুলসংখ্যক শরণার্থীর উপস্থিতিকে এখন আর্থিক বোঝা ও নিরাপত্তাঝুঁকি হিসেবে দেখছে দেশটি। প্রধানমন্ত্রী আনোয়ারও স্বীকার করেছেন, আশ্রয় নেওয়া অনেক মানুষ মিয়ানমার সরকারের নৃশংসতার শিকার। তবে তাঁদের আশ্রয় দেওয়ার সক্ষমতা মালয়েশিয়ার আর নেই বলে মন্তব্য করেন তিনি।
এর আগে গত সেপ্টেম্বরের শেষ দিকে প্রায় ১ হাজার ৫০০ মিয়ানমারের নাগরিককে দেশে ফেরত পাঠায় মালয়েশিয়া। ওই প্রত্যাবাসন নিয়ে উদ্বেগ জানায় বিভিন্ন মানবাধিকার সংগঠন। পরে ফেরত পাঠানো কয়েক শ মানুষকে মিয়ানমারের সামরিক বাহিনী আটক করেছে; এমন খবরের বিষয়ে দেশটির কাছে ব্যাখ্যা চাওয়ার কথা জানায় কুয়ালালামপুর।
গত মাসে মিয়ানমারের সাবেক জান্তা প্রধান ও বর্তমান প্রেসিডেন্ট মিন অং হ্লাইংকে আতিথ্য দেওয়ায় মালয়েশিয়ার সমালোচনা করে মানবাধিকার সংগঠনগুলো। তাদের আশঙ্কা, এতে মিয়ানমার সরকার বৈধতা পেতে পারে এবং প্রত্যাবাসিত ব্যক্তিরা নতুন করে ঝুঁকির মুখে পড়তে পারেন।
তবে আনোয়ার ইব্রাহিমের দাবি, মিয়ানমারের সাবেক নেতার সঙ্গে যোগাযোগ মালয়েশিয়ার জাতীয় স্বার্থ রক্ষার অংশ এবং আইসিজের রায়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
সূত্র: আল জাজিরা

































