অপপ্রচারের প্রতিবাদে শরীয়তপুর জেলা মহিলা দলের সংবাদ সম্মেলন

- সর্বশেষ আপডেট ০৯:৪৯:১০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
- / 68
শরীয়তপুর জেলা মহিলা দলকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। শনিবার (২১ নভেম্বর) রাতে শরীয়তপুর জেলা শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা মহিলা দলের সভাপতি আল আসমাউল হুসনা।
সভাপতি আল আসমাউল হুসনা ও সাধারণ সম্পাদক শাহনাজ মৃধার যৌথ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করে জেলা মহিলা দল। মিছিল চলাকালে সংগঠনের নেতাকর্মীদের অজান্তে এক বহিরাগত ব্যক্তি মিছিলে প্রবেশ করে আপত্তিকর কিছু স্লোগান দেন। তবে বিষয়টি বুঝে ওঠার আগেই ওই ব্যক্তি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
সংবাদ সম্মেলনে মহিলা দলের নেতারা দাবি করেন, ওই স্লোগানের সঙ্গে সংগঠনের কোনো পর্যায়ের নেতাকর্মীর সম্পৃক্ততা নেই। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে ঘটনাটিকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।
এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সংগঠনের নেতারা। সংবাদ সম্মেলনে জেলা মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।































