নীলফামারিতে মাদকের বিরুদ্ধে ব্যাট-বলের লড়াই
- সর্বশেষ আপডেট ১২:৪৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
- / 7
মাঠে ছিল ক্রিকেটের উত্তেজনা, আর মাঠের বাইরের বার্তা ছিল একটাই- “মাদক নয়, খেলাধুলাই হোক তরুণদের শক্তি।” এই প্রতিপাদ্য সামনে রেখে নীলফামারীর সংগলশী ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী আন্তঃওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্ট।
শুক্রবার (৩ জুলাই) দিনব্যাপী প্রতিযোগিতা শেষে উত্তর দীঘলডাঙ্গী বারুনীর ডাঙ্গা মাঠে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি, মেডেল ও পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। তিনি বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও তরুণদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
সংগলশী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খান, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. মোসফেক-উল-হাসান (লুমেন), সমাজসেবক ও সিইএসের প্রধান নির্বাহী মো. সেকেন্দার আলী (আদনান), বাংলাদেশ রেলওয়ের সিনিয়র সহকারী বৈদ্যুতিক প্রকৌশলী মো. শাহজাহান মোল্লা এবং সংগলশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোস্তাফিজার রহমান (ফিজার)। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন মেসার্স জীবন বিডি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. জুয়েল রানা জীবন।
বক্তারা বলেন, বর্তমান প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে ক্রীড়াচর্চার বিকল্প নেই। গ্রামীণ পর্যায়ে নিয়মিত খেলাধুলার আয়োজন তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক দায়বদ্ধতা তৈরি করে।
টানটান উত্তেজনার ফাইনালে ৭ নম্বর ওয়ার্ড দল চ্যাম্পিয়ন এবং ৬ নম্বর ওয়ার্ড দল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
স্থানীয় ক্রীড়াপ্রেমী, অভিভাবক, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে টুর্নামেন্টটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও জোরালো করতে এ ধরনের ক্রীড়া আয়োজন নিয়মিত চালিয়ে যাওয়া হবে।

































