চরফ্যাশনে চার ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা
- সর্বশেষ আপডেট ০৭:১২:৫৮ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / 24
ভোলার চরফ্যাশনে লাইসেন্স নবায়ন না করা এবং স্বাস্থ্যসেবার জন্য প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত না করায় চারটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিককে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১ জুলাই) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এমাদুল হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জরিমানা করা হয়।
জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো- নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টার, মমতা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, নিউ আদ্-দ্বীন হাসপাতাল ও ক্লিনিক এবং বিসমিল্লাহ ডায়াগনস্টিক সেন্টার।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এমাদুল হোসেন জানান, লাইসেন্স নবায়ন না করা, স্বাস্থ্যসেবার জন্য প্রয়োজনীয় মানসম্মত পরিবেশ বজায় না রাখা এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দ্রুত লাইসেন্স নবায়ন এবং স্বাস্থ্যসেবা প্রদানের উপযোগী পরিবেশ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অভিযানে চরফ্যাশন সরকারি হাসপাতালের চিকিৎসক এবং চরফ্যাশন থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।





















