ইরানে খামেনি হত্যার নিন্দা জানাল বাংলাদেশ
- সর্বশেষ আপডেট ১০:৩৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
- / 9
তেহরানে ইরানের পার্লামেন্ট স্পিকারের সঙ্গে বৈঠকে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে ইরানের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশ নিতে তেহরান সফররত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) শুক্রবার ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।
বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ যুক্তরাষ্ট্রের হামলায় খামেনি নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। তিনি জাতীয় শোকের এ সময়ে ইরানের সরকার ও জনগণের প্রতি বাংলাদেশ সরকার ও জনগণের সংহতিও পুনর্ব্যক্ত করেন।
দুই দেশের স্পিকার বাংলাদেশ-ইরান সম্পর্ক, দীর্ঘদিনের বন্ধুত্ব ও সাংস্কৃতিক বন্ধন নিয়ে আলোচনা করেন। এ সময় ইরান-যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক শান্তি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরে গালিবাফের ভূমিকার প্রশংসা করেন বাংলাদেশের স্পিকার। তিনি আশা প্রকাশ করেন, এ সমঝোতা মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধিতে ভূমিকা রাখবে।
বৈঠকে সংলাপ ও কূটনীতির মাধ্যমে সব অমীমাংসিত সমস্যার শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্বারোপ করেন হাফিজ উদ্দিন আহমদ। পাশাপাশি সুবিধাজনক সময়ে ইরানের স্পিকারকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি।
এর আগে বৃহস্পতিবার (২ জুলাই) স্পিকারের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল তেহরানে পৌঁছায়। বিমানবন্দরে তাদের স্বাগত জানান ইরানের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই।
































