উপহার হিসেবে ভারতে গেলো ১১০০ কেজি আম
- সর্বশেষ আপডেট ০১:৩৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / 23
প্রতিবেশী ভারতের দুই রাজ্য পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীদের কাছে শুভেচ্ছা উপহার হিসেবে আম পাঠিয়েছে বাংলাদেশ সরকার। মোট ১ হাজার ১০০ কেজি আম বেনাপোল ও আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) বিকেলে যশোরের বেনাপোল এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমের চালান দুটি ভারতের বাংলাদেশ মিশনের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়। পরে সেখান থেকে এগুলো কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশন এবং আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে পৌঁছে দেওয়া হবে।
জানা গেছে, উপহার হিসেবে পাঠানো হয়েছে বাংলাদেশের জনপ্রিয় আম্রপালি ও হাঁড়িভাঙ্গা জাতের আম।
এর মধ্যে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের জন্য ১০০টি কার্টনে মোট ৫০০ কেজি এবং আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনের জন্য ১২০টি কার্টনে মোট ৬০০ কেজি আম পাঠানো হয়েছে।
এই চালান থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার জন্য ১০০ কেজি করে আম বরাদ্দ রাখা হয়েছে। অবশিষ্ট ৯০০ কেজি আম দুই রাজ্যের বিশিষ্ট ব্যক্তি, সরকারি কর্মকর্তা এবং কূটনৈতিক মহলের প্রতিনিধিদের মধ্যে সৌহার্দ্যের নিদর্শন হিসেবে বিতরণ করা হবে।

















